ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
পুলিশ কর্মকর্তাদের যেসব নির্দেশ দিলেন আইজিপি
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকির।
রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (অক্টোবর ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য প্রদানকালে এ নির্দেশনা দেন তিনি। সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশসহ মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। তিনি এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সাথে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।
পুলিশ প্রধান বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোনও ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি দায়িত্ব পালনের ক্ষেত্রে বডিওর্ন ক্যামেরা ব্যবহারের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন। তিনি মামলা তদন্ত বিশেষ করে অপমৃত্যু মামলা দায়িত্বশীলতার সাথে তদন্তের নির্দেশনা প্রদান করেন। তিনি মুলতবি গ্রেফতারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্তকরণ এবং তামিলের হার বাড়ানোর ওপর জোর দেন।