ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত লাভের গুরুত্ব
বরকত বা বারাকাহ আরবি শব্দ। মুসলমানদের কাছে শব্দটি বেশ পরিচিত। পবিত্র কোরআনে বারাকাহ শব্দটি বিভিন্ন রূপে ৩২ বার এসেছে। হাদিসেও মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিভিন্ন প্রসঙ্গে শব্দটি ব্যবহার করেছেন। একজন মুমিনের জীবনের পরিপূর্ণতা অনেকাংশে বরকতের ওপর নির্ভরশীল।
বারাকাহ শব্দের অর্থ কল্যাণ, পরিতৃপ্তি, বৃদ্ধি, প্রাচুর্য, স্থায়িত্ব ও প্রশান্তি। শব্দটি বারাকাতুন বা বুরুক মূল ধাতু থেকে এসেছে। এর কয়েকটি অর্থ রয়েছে।
১. স্থায়িত্ব বা স্থিরতা: বারাকাহ বলতে মহান আল্লাহর পক্ষ থেকে রিজিক, সময়, জ্ঞান, আয়ু ও পরিবারসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে স্থায়িত্ব এবং আত্মিক প্রশান্তি লাভ করাকে বোঝায়।
২. প্রাচুর্য বা বৃদ্ধি: পরিমাণে অল্প হলেও তা দিয়ে অনেক বেশি উপকার পাওয়া, অল্প সময়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা কিংবা কোনো কিছু ক্রমান্বয়ে বৃদ্ধি ও বিকাশ লাভ করাও বরকতের অর্থের অন্তর্ভুক্ত।
৩. পানি জমে থাকার স্থান: আরবি ভাষায় জলাশয় বা পুকুরকে ‘বিরকাহ’ বলা হয়। জলাশয়ে পানি স্থির থাকে এবং দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকে। এ ধারণা থেকেও কল্যাণের স্থায়িত্ব বা অব্যাহত থাকার অর্থ বোঝানো হয়।
ইসলামের পরিভাষায় বারাকাহ হলো, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুর মধ্যে এমন অদৃশ্য প্রাচুর্য ও কল্যাণ দান করা, যার ফলে বাহ্যিকভাবে পরিমাণে কম হলেও তার উপকারিতা, স্থায়িত্ব ও প্রবৃদ্ধি অনেক বেশি হয়।
মুমিনের জীবনের প্রতিটি ক্ষেত্রেই বরকত প্রয়োজন। বরকত শুধু টাকা-পয়সা বা সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়। রিজিক, জীবিকা, সময়, জ্ঞান, গবেষণা, প্রজ্ঞা, স্বাস্থ্য, পরিবার, সন্তান-সন্ততি, সমাজ, প্রতিবেশী, রাষ্ট্র ও উম্মাহর প্রতিটি ক্ষেত্রে কল্যাণ লাভ এবং অকল্যাণ থেকে বেঁচে থাকাও বরকতের অন্তর্ভুক্ত।
জীবনের বিভিন্ন ক্ষেত্রে বরকত
রিজিকে বরকত: মহান আল্লাহ প্রতিদিন যে রিজিক দান করেন, তাতে পরিতৃপ্ত থাকা এবং অল্প খাবারেই পেট ভরে যাওয়া, স্বস্তি ও শক্তি পাওয়া রিজিকে বরকতের উদাহরণ। পাশাপাশি অসুস্থতা থেকে সুরক্ষা পাওয়া এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ভালো থাকাও এর অন্তর্ভুক্ত।
জীবিকায় বরকত: মহান আল্লাহ যে কর্মের সুযোগ দিয়েছেন—ব্যবসা, কৃষিকাজ, চাকরি কিংবা অন্য কোনো পেশা—তা সুন্দরভাবে সম্পন্ন করতে পারা জীবিকায় বরকত। উপার্জিত অর্থ দিয়ে স্ত্রী, সন্তান, পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীর অধিকার যথাযথভাবে আদায় করার সামর্থ্য অর্জন করাও এর অংশ।
সম্পদে বরকত: আয় অনুযায়ী সংসারের প্রয়োজন ও চাহিদা পূরণ হওয়া, ঋণমুক্ত থাকা এবং দান-সদকা করার সামর্থ্য পাওয়া সম্পদে বরকতের পরিচয়। বিপরীতে, কোটি কোটি টাকা আয় করেও অশান্তিতে থাকা কিংবা চিকিৎসা ও অন্যান্য বিপদে সব উপার্জন শেষ হয়ে যাওয়া বরকতহীনতার উদাহরণ হতে পারে।
সময়ে বরকত: অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ও ভালো কাজ সম্পন্ন করতে পারা সময়ের বরকত।
জ্ঞানে বরকত: সহজে জ্ঞান অর্জন করা, অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করতে পারা এবং অন্যদের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ পাওয়া জ্ঞানের বরকত। এর মাধ্যমে সমাজ, দেশ ও উম্মাহ উপকৃত হয়।
হায়াত বা জীবনে বরকত: জীবদ্দশায় বেশি বেশি নেক কাজ করতে পারা এবং এমন ভালো অবদান রেখে যাওয়া, যার মাধ্যমে মৃত্যুর পরও মানুষ উপকৃত হতে থাকে—এটিও জীবনে বরকতের একটি দিক।
স্বাস্থ্যে বরকত: সুস্থ থাকা, রোগমুক্ত জীবন লাভ করা এবং শরীরে ভালো রোগ প্রতিরোধক্ষমতা থাকা স্বাস্থ্যের বরকত। পাশাপাশি অল্প পরিশ্রমেই দুর্বল হয়ে না পড়াও এর অন্তর্ভুক্ত।
পরিবার ও সন্তান-সন্ততিতে বরকত: পরিবারে শান্তি, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতা বজায় থাকা এবং সন্তানদের জ্ঞানী, নেককার ও আদর্শবান হিসেবে গড়ে ওঠা পারিবারিক বরকতের পরিচয়।
সমাজ ও রাষ্ট্রে বরকত: সমাজ ও রাষ্ট্রে সম্মানের সঙ্গে বসবাসের সুযোগ পাওয়া এবং ঈমান, আমল ও জীবনযাপনের কাজগুলো সহজ হওয়াও বরকতের অংশ।
মহান আল্লাহ আমাদের সবার জীবন বরকতময় করুন। আমিন।