ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আসাদুজ্জামান কামাল ও পরিবারের বিরুদ্ধে শুনানি ১৪ ডিসেম্বর
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৪ ডিসেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ তারিখ ধার্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাছ্ছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান।
আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা আসামি শাফি মোদাছ্ছির খান জ্যোতিকে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির করা হয়নি। এ কারণে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। পরবর্তী সময়ে তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সংস্থাটি।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসাদুজ্জামান খান একজন সরকারি কর্মচারী হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার সম্পদ অর্জন করেছেন।
এ ছাড়া তার বিরুদ্ধে ৯টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদকের অভিযোগ, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এসব অর্থ রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তর করা হয়েছে।