ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দুই উপজেলায় দফায় দফায় বিক্ষোভ,সড়ক অবরোধ
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ আবারও ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল থেকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি ও গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় দফায় দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। দুই এলাকায় অন্তত ছয় দফা অবরোধের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় পৌনে এক ঘণ্টা পর দুপুর সোয়া ১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে শ্রীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও বেলা সাড়ে ১০টার দিকে কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা যান চলাচল বন্ধ করে দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও শ্রমিকেরা তা উপেক্ষা করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। শ্রমিকেরা আশপাশের গলিতে অবস্থান নিয়ে আবারও ইটপাটকেল নিক্ষেপ করলে টিয়ারশেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।
একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্ডল লিমিটেড ও গোল্ডেন লিমিটেড কারখানার সামনে গাছের ডালপালা ফেলে অবরোধ করেন শ্রমিকেরা। এর আগে মেম্বারবাড়ি এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ও সশস্ত্র রিজার্ভ ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। পরে আশপাশের সড়ক থেকেও শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, ‘বিচ্ছিন্নভাবে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আমরা ন্যূনতম বল প্রয়োগ করে তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।’
এদিকে শ্রমিক অসন্তোষের জেরে সোমবার গাজীপুরে সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে বাকি কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষা ও বিশৃঙ্খলা প্রতিরোধে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ১৩ প্লাটুন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছেন।