ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সাড়ে ৮ ঘণ্টায় প্রায় ২ কোটি টাকার বিদ্যুৎ উৎপাদন করল রূপপুর
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে নতুন ইতিহাস গড়েছে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রথম ইউনিট থেকে সাড়ে আট ঘণ্টায় প্রায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা। দেশের জ্বালানি খাতে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।
সংশ্লিষ্টদের আশা, কেন্দ্রটির দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ বাড়বে এবং লোডশেডিং কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নির্মাণকাজ, বিপুল বিনিয়োগ এবং ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর গত মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। এ সময়ে কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। পরবর্তী সময়ে উৎপাদনের পরিমাণ কমিয়ে আনা হয়।
কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুতের একটি অংশ প্রকল্পের নিজস্ব কাজে ব্যবহৃত হয়। এ জন্য প্রয়োজন হয় প্রায় ৭০ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ। নিজস্ব ব্যবহার বাদ দিয়ে অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
রূপপুরের উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রতি ইউনিটের দাম ১০ টাকার কাছাকাছি হতে পারে। সেই হিসাবে সাড়ে আট ঘণ্টায় উৎপাদিত বিদ্যুতের মূল্য দাঁড়ায় প্রায় ২ কোটি টাকা। অবশ্য গ্রাহক পর্যায়ের খুচরা মূল্য বিবেচনায় নিলে এই অর্থের পরিমাণ আরও বেশি হবে।
কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় উৎপাদনে গেলে প্রতিদিন প্রায় ৫ কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা ধরে হিসাব করলে দৈনিক এই বিদ্যুতের আর্থিক মূল্য দাঁড়াবে প্রায় ৫০ কোটি টাকা।
মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, এখন পর্যন্ত সম্পন্ন হওয়া পরীক্ষা-নিরীক্ষার ফলাফল এবং সার্বিক প্রস্তুতি সন্তোষজনক। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে পূর্ণ সক্ষমতায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপের মাধ্যমে পানি থেকে বাষ্প তৈরি করা হয়। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে জেনারেটরের সাহায্যে উৎপাদিত হয় বিদ্যুৎ। রূপপুর কেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রের নিজস্ব চাহিদা বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১ হাজার ৩০ থেকে ১ হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, কোনো ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১ হাজার ৩০ মেগাওয়াটের কম বিদ্যুৎ সরবরাহ করা হলে জরিমানার মুখে পড়তে পারে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান। দুটি ইউনিট চালু হলে সম্মিলিতভাবে জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ৬০ থেকে ২ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার প্রত্যাশা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, কেন্দ্রটির সামগ্রিক উৎপাদন সক্ষমতার তুলনায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন খুব বেশি নয়। পর্যায়ক্রমে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। তবে প্রাথমিক পর্যায়ের এই সাফল্য দেশের জন্য বড় অর্জন। এ অর্জনে এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি আরও জানান, বিদ্যুৎ উৎপাদনের সময় টারবাইন, জেনারেটরসহ বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে এসব পরীক্ষার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র চালুর ফলে কোনো ধরনের কারিগরি ত্রুটি বা অস্বাভাবিকতা দেখা দিয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে।
পরবর্তী সময়ে আবারও নির্দিষ্ট সময়ের জন্য কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এ সময় বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, কমানো এবং বন্ধ করার বিভিন্ন পরীক্ষা চালানো হবে। এখনো কয়েকশ পরীক্ষা সম্পন্ন করা বাকি রয়েছে। ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ‘সি’ ধাপের কার্যক্রম শেষ হওয়ার পর শুরু হবে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে শুধু উৎপাদন শুরু করাই সাফল্য নয়; দীর্ঘ সময় ধরে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রাখার প্রায় ২৮ ঘণ্টা পর কেন্দ্রটি আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থা রসাটম স্টেট করপোরেশনের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ বাংলাদেশকে উন্নত প্রযুক্তির ব্যবহারে নতুন সুযোগ তৈরি করে দেবে। পাশাপাশি প্রকৌশল ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পাওয়ার স্টার্ট-আপ বাংলাদেশ ও রাশিয়া উভয় দেশের জন্য ঐতিহাসিক ঘটনা। এই কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ নির্ভরযোগ্য, স্থিতিশীল ও পরিবেশবান্ধব জ্বালানির একটি নতুন উৎস পাবে। এর ফলে আমদানিনির্ভর হাইড্রোকার্বন জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও প্রস্তুতিমূলক কাজও এগিয়ে চলছে। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, সবকিছু ঠিক থাকলে আগামী বছর দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করা সম্ভব হবে। এরপর একই বছরের ডিসেম্বরের শেষ দিকে অথবা ২০২৮ সালের জানুয়ারিতে এই ইউনিট থেকেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়বে। এতে লোডশেডিং কমানোর পাশাপাশি জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় পারমাণবিক বিদ্যুতের উৎপাদন খরচও কম হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।