ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
পাবনার দাবিগুলো অগ্রাধিকার পাবে, দ্বিতীয় পদ্মা সেতুও হবে : রেলপথ মন্ত্রী
পাবনার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে সরাসরি ঢাকা-পাবনা রেল যোগাযোগ চালু হয়েছে। ‘পাবনা প্রভাতি এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে এক জোড়া আন্তনগর ট্রেনের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে রেলপথে যুক্ত হলো ঐতিহ্যবাহী এই জেলা। একই সঙ্গে পাবনার উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম। তিনি বলেছেন, ‘উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে পাবনার দাবিগুলো অগ্রাধিকার পাবে এবং পেতে চলেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় ফিতা কেটে প্রথমবারের মতো ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল রেলপথে সরাসরি ঢাকায় যাতায়াতের। সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। নতুন ট্রেনটিতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। পাবনা অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, রেল যোগাযোগ সম্প্রসারণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনা-ঢাকা রেল যোগাযোগকে অগ্রাধিকার দিয়ে ট্রেনটি চালুর বিশেষ নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে ওয়াই-টাইপ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর সম্ভাব্যতা যাচাই চলছে। একই সঙ্গে বিস্তারিত নকশা প্রণয়নের কাজও গ্রহণ করা হয়েছে। সেতুটিতে রেল যোগাযোগ যুক্ত করে দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
রেলপথ আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, নতুন করে ২০০টি ক্যারেজ আসছে। এর প্রথম চালানের ক্যারেজ দিয়েই পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালু করা হয়েছে। এ ছাড়া আরও ৪০০টি ক্যারেজ সংগ্রহ এবং ৮০টি নতুন লোকোমোটিভ সংযোজনের পরিকল্পনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে নতুন রেললাইন নির্মাণ, পুরোনো লাইন পুনঃস্থাপন, ইলেকট্রিক ট্র্যাকশন চালু এবং নতুন ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালুর পেছনে স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের জোরালো ভূমিকা রয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুর দাবিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান তিনি।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আলী আজগর লবী বলেন, রেলওয়েকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে। ২০০টি নতুন ক্যারেজ ও লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা-খুলনা ও ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে।
_1795097246.jpg)
অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, রেল যোগাযোগের মাধ্যমে পাবনা সভ্যতা ও অগ্রগতির নতুন ধারায় যুক্ত হলো। তিনি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানান। পাশাপাশি পদ্মা-বেড়া প্রকল্প, পাবনা বিমানবন্দর পুনরায় চালু, কৃষি বিশ্ববিদ্যালয়, ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল, চার লেন সড়ক, আইটি ভিলেজ ও নগর উন্নয়নসহ জেলার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, এই ট্রেন পাবনাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। উদ্বোধনী ট্রেনের যাত্রীদের মধ্যে পাবনায় ৫৫২ জন এবং ঈশ্বরদীতে ৯২ জনসহ মোট ৬৪৪ জন টিকিট কেটেছেন। নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরি হওয়ায় তিনি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
_1795097280.jpg)
এসময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা তুলতানা রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ৮০ বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত পাবনাবাসীর প্রাণের দাবি পূরণ হলো। পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু হলো। আজকে উদ্বোধন উপলক্ষে বিকেলে ৫টায় ছেঁড়ে গেলেও আগামীকাল ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টায় ছেড়ে যাবে।