ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

দশ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা–আগুন, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৮, ১৯ নভেম্বর ২০২৬
দশ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা–আগুন, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তাঝুঁকিতে পড়েছে ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। গত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ব্যাংকটির ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি শাখা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র, আদায় শিট, আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম। কয়েকটি কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পরিস্থিতির কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এ অবস্থায় ব্যাংকের শাখা ও কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সরদার আকতার হামিদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাঠানো এক চিঠিতে তিনি এসব হামলার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের একটি প্রতিবেদনে এসব হামলার বিস্তারিত তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ১০ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ব্যাংকটির শাখা ও কার্যালয়গুলোতে ধারাবাহিকভাবে হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, এসব ঘটনায় শুধু অবকাঠামো ও আসবাবপত্রের ক্ষতিই হয়নি, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি, ঋণ আদায়ের হিসাব এবং সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র। এতে কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। হামলা অব্যাহত থাকলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, ঋণ বিতরণ ও আদায় এবং সদস্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভ্যন্তরীণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১০ নভেম্বর রাত ৩টার দিকে শেরপুরের গাজীর খামার শাখার প্রধান ফটকের বাইরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। একই দিন কক্সবাজারের চকরিয়ার পশ্চিম বড় ভেওলা শাখার দরজার সামনে টায়ারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় সকাল ১১টার দিকে অফিসের দরজার সামনে নিক্ষেপ করা হয় পেট্রোল বোমা।

একই দিন দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচণ্ডী শাখায় কেরোসিনে ভেজানো কাপড়ে আগুন দেওয়া হলে চেয়ার ও নগদ অর্থ বহনের ব্যাগ পুড়ে যায়। জয়পুরহাটের পাঁচবিবির আটাপুর শাখায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পটুয়াখালীর কলাপাড়ার কড়ইবুনিয়া শাখার গেটেও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। চট্টগ্রামের আনোয়ারার বারখাইন শাখায় আগুনে আদায় শিটের ব্যাগ ও বেশ কয়েকটি পাসবই পুড়ে যায়।

১১ নভেম্বর পাবনার সুজানগরের দোগাছী শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে সাইনবোর্ড, একটি চেয়ার, কয়েকটি ফাইল ও পাঁচটি আদায় শিট পুড়ে যায়। দিনাজপুরের বীরগঞ্জের সুজালপুর শাখায় পেট্রোল বোমার আগুনে আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত হয় দিনাজপুরের ঘোড়াঘাট এবং নীলফামারীর পলাশবাড়ী শাখা।

১৪ নভেম্বর নেত্রকোনার চল্লিশা শাখার সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। কিশোরগঞ্জ সদর এলাকার হোসেনদি-পাকুন্দিয়া শাখায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন ১৫ নভেম্বর গাজীপুরের শ্রীপুরের টেংরা শাখার প্রধান ফটকের সামনে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। একই দিন সিলেট এরিয়া অফিসে অগ্নিসংযোগের ঘটনায় কয়েকটি ফাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

গোপালগঞ্জের উলপুর শাখায়ও ১৫ নভেম্বর সন্ধ্যায় অগ্নিসংযোগ করা হয়। এতে ঋণ আদায়ের শিট পুড়ে যায় এবং একটি টেবিল আংশিক ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীরা সিসি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে হার্ডডিস্ক নিয়ে যায়। এ ছাড়া পেট্রোল বোমা নিক্ষেপে ক্ষতিগ্রস্ত হয় সিলেট জোনাল ম্যানেজারের গাড়ি।

সবচেয়ে গুরুতর হামলার ঘটনা ঘটেছে টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায়। সেখানে দুই দফায় হামলা চালানো হয়। ১০ নভেম্বরের প্রথম হামলার পর ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে আবারও পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। দ্বিতীয় দফার হামলায় অফিসের প্রায় সবকিছু পুড়ে যায়। প্রথম ঘটনার পর মামলা করতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) কুপিয়ে আহত হন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, ১৭ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়ার একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ায় ভবনের দ্বিতীয় তলার সিঁড়ি, বারান্দা ও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়। ১৮ নভেম্বর পটুয়াখালীর বেতাগী শাখার সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। একই দিন গোপালগঞ্জের বৌলতলী শাখায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের সাজাইল-কাশিয়ানী শাখায় পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। ভাঙচুর করা হয় অফিসের চেয়ার-টেবিল। বগুড়ার শেরপুরের মথুরেশপুর শাখায় আগুনে আদায় শিট পুড়ে যায়। নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ শাখায় তিনটি ফাইল, দুটি চেয়ার, প্রজেকশন বোর্ড, দুটি ফ্যান ও বেশ কিছু কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়।

১৮ নভেম্বর রাতেও দেশের বিভিন্ন স্থানে ব্যাংকটির শাখা ও কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। ব্যাংক সূত্রে জানা গেছে, নরসিংদী, ফরিদপুর, গাজীপুর, যশোর, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, পাবনা, খুলনা, নেত্রকোনা, হবিগঞ্জ, গাইবান্ধা, ঝিনাইদহ ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকার শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিছু ঘটনায় দায়ের হয়েছে মামলাও। ১০ নভেম্বর টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পাবনার দোগাছী শাখায় ১১ নভেম্বরের হামলার ঘটনায় ১৭ নভেম্বর জিডি করা হয়। কলাপাড়ার কড়ইবুনিয়া শাখার ঘটনায় আমতলী থানায় জিডি করা হয়েছে।

নেত্রকোনার চল্লিশা শাখার ঘটনায় ১৬ নভেম্বর নেত্রকোনা থানায় এবং গাজীপুরের টেংরা শাখার ঘটনায় ১৫ নভেম্বর শ্রীপুর থানায় জিডি করা হয়। টাঙ্গাইলের লাউহাটি ও বাসাইল শাখায় হামলার ঘটনায় দেলদুয়ার ও বাসাইল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

অন্যদিকে সিলেট এরিয়া অফিস, গোপালগঞ্জের উলপুর শাখা এবং টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় দ্বিতীয় দফার হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। কয়েকটি ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

তবে ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। অভ্যন্তরীণ প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত ভবন, আসবাবপত্র, নথিপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য সম্পদের বিবরণ থাকলেও সেগুলোর আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে গ্রামীণ ব্যাংককে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। কেন এ ধরনের হামলা হচ্ছে, তা তাদের জানা নেই। তবে বিভিন্ন এলাকার খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের স্লোগান দিয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখনও বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, হামলাকারীরা ব্যাংকের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, কাগজপত্র ও রেকর্ড পুড়িয়ে দিয়েছে। দারিদ্র্যপীড়িত মানুষের ক্ষুদ্রঋণ কার্যক্রম সচল রাখতে এবং ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে ব্যাংকটির দেশব্যাপী কার্যক্রমের ব্যাপ্তি ও আর্থিক গুরুত্বও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দেশের ৬৪ জেলায় গ্রামীণ ব্যাংকের ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। প্রধান কার্যালয়সহ সারা দেশে ব্যাংকটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে।

ব্যাংকের ২০২৬ সালের অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত রয়েছে এর কার্যক্রম।

সদস্যদের মধ্যে বিতরণ করা ঋণের পরিমাণ প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। অন্যদিকে সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিভিন্ন ব্যাংকে জমা এবং সরকারের স্বল্পমেয়াদি ঋণপত্র বা ট্রেজারি বিল কেনায় বিনিয়োগ করা রয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষের মতে, গ্রামীণ ব্যাংকে হামলার প্রভাব কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি মানুষের সঞ্চয়, ঋণসুবিধা, জীবিকা এবং আর্থিক নিরাপত্তা। ফলে এসব হামলা অব্যাহত থাকলে সদস্যদের আস্থা কমে যাওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১১ সালের ১১ মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!