ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
জাবিতে জেইউডিওর জাতীয় বিতর্ক উৎসব শুরু, অংশ নিচ্ছে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠান
‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে চার দিনব্যাপী ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’। এতে দেশের ৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক বিতার্কিক ও বিচারক অংশ নিচ্ছেন। আগামী শনিবার (২১ নভেম্বর) পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কমনরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
এবারের উৎসবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জেইউডিওর সভাপতি আল লুবান। লিখিত বক্তব্যে তিনি জানান, এবারের আয়োজনে সারা দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ও বিচারকসহ পাঁচ শতাধিক অংশগ্রহণকারী যুক্ত রয়েছেন। প্রতিযোগিতাটি আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ ও আন্তঃস্কুল এই তিনটি পর্যায়ে পরিচালিত হচ্ছে।
উৎসবের ২১তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে উঠেছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং ডিবেটার্স অব চট্টগ্রাম ইউনিভার্সিটি (ডিসিইউ)। আগামী ২১ নভেম্বর এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ১৫তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক ও কোয়ার্টার ফাইনাল পর্ব শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি দল। দলগুলো হলো-আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি, রাজউক কলেজ ডিবেটিং ক্লাব এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব। আগামী ২১ নভেম্বর এ পর্বের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২০ নভেম্বর দেশের বিভিন্ন প্রান্তের স্কুলপর্যায়ের বিতার্কিকদের অংশগ্রহণে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার ফাইনাল পর্বও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
উৎসবের শেষ দিন শনিবার (২১ নভেম্বর) আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের পাশাপাশি ‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক’ শীর্ষক বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হাসিব বিন আব্দুল হাই এবং স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক দুর্বার শামিত আদি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি তরুণদের যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও দায়িত্বশীল মতপ্রকাশের চর্চার অন্যতম মাধ্যম। এই আয়োজনের মাধ্যমে দেশের তরুণদের যুক্তির মঞ্চে নিজেদের চিন্তা ও অবস্থান তুলে ধরার একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন। ২০০৫ সালের ২৩ ডিসেম্বর সাতজন বিতার্কিকের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও শুদ্ধ বিতর্কচর্চা বিকাশে কাজ করে আসছে সংগঠনটি। ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ ও হলের বিতর্ক কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালা ও জাতীয় পর্যায়ের উৎসব আয়োজনের মাধ্যমে দেশের বিতর্ক অঙ্গনেও ভূমিকা রাখছে জেইউডিও।