ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৯, ২৩ নভেম্বর ২০২৬
টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম
ডিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) আকতার হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার  দেখানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আকতার হোসেন।

তিনি জানান, সোমবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং একাধিক মামলা রয়েছে। চলতি বছর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার  দেখানো হয়েছে।

আকতার হোসেন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবারই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্তে নাম আসায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে তার প্রকৃত সম্পৃক্ততার বিষয়টি উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

চার দিন আগে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর আবার থাইল্যান্ডগামী বিমানে বিদেশে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার  করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করেছে। তিনি কোথা থেকে এসেছিলেন বা কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন, সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশ বিস্তারিত বলতে পারবে।

তিনি আরও বলেন, বর্তমানে সুইডেন আসলাম ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে কিছু মামলা তদন্তাধীন, আবার কিছু মামলায় পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সব বিষয় পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আকতার হোসেন বলেন, চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ডিএমপি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। নজরদারি গ্রেফতারের একটি নিয়মিত প্রক্রিয়া। সুযোগ ও সক্ষমতা তৈরি হলেই সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!