ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে চায় কমিশন।
ইসির শীর্ষ কর্মকর্তারা জানান, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের সিদ্ধান্ত রয়েছে কমিশনের। সে অনুযায়ী, আগামী ২৯ বা ৩০ নভেম্বর থেকে সংলাপ শুরু হতে পারে। প্রয়োজনে নভেম্বরের শেষ দিনেও সংলাপ শুরু করতে পারে ইসি।
কর্মকর্তারা আরও জানান, এ সময়ের মধ্যে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভাও আয়োজন করা হবে।
নির্ধারিত সময়েই ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।
ইসির কর্মকর্তারা আশা করছেন, তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে ইসি। একই সঙ্গে সরকারের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা পাওয়ার আশা করছে কমিশন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন কর্মকর্তারা।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে তিন দিনব্যাপী এ আলোচনা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনা করা হবে।
তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য ইসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ভোট হবে। এ তারিখের প্রায় ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভালো নির্বাচন আয়োজনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। এ চারটি পক্ষের সম্মিলিত সহযোগিতার ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।
তিনি আরও জানান, ইউপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয়ভাবে ও এলাকাভিত্তিক সভা করা হবে। নির্বাচন শুরু হলে ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত রয়েছে কমিশনের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটি সভা হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করা হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচন
পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। নভেম্বরের শেষ ভাগ অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন।