ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

শ্রমিক অসন্তোষে ২০ কারখানায় সাধারণ ছুটি
সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫, ২৩ নভেম্বর ২০২৬
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন। এ সময় তারা আশপাশের চালু কারখানাগুলোতে হামলার চেষ্টা করেন। যেসব কারখানার শ্রমিকরা দেরিতে বের হচ্ছিলেন, তাদেরও মারধর করা হয়।

এক শ্রমিক অভিযোগ করেন, অন্য কারখানার শ্রমিকরা কাজ বন্ধ না করে চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা করেন। এমনকি রিকশা থেকে নামিয়েও শ্রমিকদের মারধর করা হয়েছে।

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আজ কিছু কারখানার শ্রমিক কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন। এ পরিস্থিতিতে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের কর্মবিরতির মুখে ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে কাজ না করে বসেছিলেন।

এদিকে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পাশাপাশি আরও ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সময়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!