ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সিরাজগঞ্জে শীতের শুরুতেই পিঠা তৈরী ও বিক্রির ধুম
শীতের শুরুতেই সিরাজগঞ্জে পিঠা তৈরী কারিগরেরা ব্যস্ত সময় পার করছে। সরিষা, ধনেপাতা, শুটকি ভর্তা মাখিয়ে গরম গরম চিতই পিঠা খাওয়ার কথা মনে হলেই জিভে জল আসে। এ সময় চিতই ও ভাপা পিঠার সুগন্ধি ধোঁয়ার মন আনচান করে ওঠে। শীতের আমেজ বাড়ার সাথে সাথে কদর বাড়ে রাস্তার ধারে ও ভ্রাম্যমান পিঠা বিক্রেতাদের । এ সময় পিঠার দোকানগুলোতে ভিড় জমতে শুরু করে নানা বয়সী ক্রেতারা।
এই শীতে সিরাজগঞ্জে শহরের এস.এস রোড, খলিফা পট্টি, মজিব সড়ক, কালিবাড়ী, চান্দালী মোড়, বাজার স্টেশন, মাসুমপুর বউ বাজার সহ বিভিন্ন অলিতে গলিতে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ পিঠার দোকান। এছাড়াও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গ্রামের হাটবাজারেও দেখা মিলছে চিতই পিঠার ছোট ছোট দোকান।
ভোরের আলো ফোটার পর কিংবা সন্ধ্যা নামতেই বসে এসব পিঠার আয়োজন। কোনো দোকানে একাধিক খোলায় বা পাতিলে একের পর এক পিঠা তৈরি করছেন বিক্রেতারা। এরপরও অনেক সময় ক্রেতাদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
দোকানে মূলত ভাপা, চিতই, তেলের পিঠাসহ নানান বাহারি পিঠা বানানো হচ্ছে। প্রতিটি পিঠা বিক্রি হচ্ছে ১০ টাকায়। এর সঙ্গে একটি ডিম নিলে দাম পড়ছে ৩০ টাকা। রিকশা চালক, দিন মজুর, শিশু-কিশোর, চাকরিজীবী, শিক্ষার্থী সব শ্রেণি-পেশার মানুষই পিঠার এসব দোকানে ভিড় করছে। অনেকে কর্মস্থল থেকে ফেরার পথে সন্ধ্যায় পিঠা নিয়ে যাচ্ছেন বাড়িতে। পুরুষের পাশাপাশি নারীরাও এসব দোকানে পিঠা বিক্রি করে বাড়তি আয় করছেন।
শহরের এস এস রোডের পিঠা ক্রেতা সাইফুল বলেন, শীতে গরম গরম পিঠা খেতে খুব মজা লাগছে। পিঠা খেতে আসা স্কুলছাত্র রাকিব বলেন, বিকাল হলে চপ, শিঙ্গাড়া, পুড়ি কিনে খেতাম। কিন্তু এখন ভাপা পিঠা কিনে খাই। রিকশাচালক ইউসুফ বলেন, শীতের মধ্যে রিকশা চালানো খুবই কষ্টকর তাই একটি গরম গরম পিঠা খেলে শরীরটা গরম হয়।
পিঠা বিক্রেতা কহিনুর বেগম বলেন, আমার স্বামী একজন দিনমজুর। শীতে কাজ করতে তার খুব কষ্ট হয়। তাই শীত এলেই পিঠা বিক্রি করি। এ দিয়েই চলে আমার সংসার সহ ছেলে মেয়ের পড়াশোনা। তিনি আরও বলেন, প্রায় বার মাসই চিতই পিঠা চাহিদা থাকলেও শীত মৌসুমে অন্যান্য পিঠা তৈরী করা হয়।
পিঠা বিক্রতা হালিম বলেন, শীতের মৌসুমে আমরা বেশ কয়েকজন পিঠা বিক্রি করি । নানান ধরনের পিঠা আমরা তৈরি ও বিক্রী করি। তিনি জানান, সকাল-সন্ধ্যায় ভ্রাম্যমাণ দোকান বসিয়ে প্রতিদিন প্রায় ১৫০০/২০০০ টাকার পিঠা বিক্রি করি। এ থেকে খরচ বাদে ৭০০/৮০০ টাকা লাভ হয়। তিনি আরও বলেন গরমের সময় দিনমজুরির কাজ করি। শীতের মৌসুমে পিঠা বিক্রি করি। এতে বাড়তি আয় করে ভালভাবে ছেলে-মেয়ে পরিবার পরিজন নিয়ে ভালই আছি।
জানা যায়, পিঠার সঙ্গে পরিবেশন করা হচ্ছে বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের মুখরোচক ভর্তা। এর মধ্যে রয়েছে সরিষা, ধনেপাতা, শুটকি এবং কাঁচামরিচ-পেঁয়াজের ভর্তা। হালকা শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা গরম পিঠার সঙ্গে ঝাল ঝাল ভর্তার স্বাদ নিতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। কেউ দাঁড়িয়ে পিঠা খাচ্ছেন, আবার কেউ পরিচিতজনদের সঙ্গে আড্ডা দিতে দিতে উপভোগ করছেন এই খাবার।