ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
আখাউড়ায় গ্রেপ্তার হওয়া এনসিপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ছায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে থানায় উত্তেজনা ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে অন্ত:ত বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ার মুখে ঘটনাস্থল ছাড়েন বিক্ষোভকারীরা।
ছায়েব আলী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার রাত পৌনে ১০ টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ছায়েব আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গণঅভ্যুত্থানের পর তিনি এনসিপিতে যোগ দেন। বর্তমানে তিনি উপজেলার এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
এদিকে তাকে গেপ্তারে পর থানায় নিয়ে আসার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায় এনসিপির নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা থানায় এসে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। গ্রেপ্তার হওয়া ছায়েব আলী উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের মৃত সামাদ আলীর ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। গ্রেপ্তারের পর রাতেই ছায়েব আলীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।