ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
লিবিয়ায় ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজ ডুবল
পূর্ব লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে সন্দেহভাজন ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ উল্টে ডুবে গেছে বলে দাবি করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) এ ঘটনার কয়েক ঘণ্টা পর একই উপকূলে একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলার ঘটনা ঘটে।
পরপর এসব হামলার পর জাতিসংঘের কাছে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বেনগাজি নৌঘাঁটিতে নোঙর করা রুশ নৌবাহিনীর করভেট ‘মেরকুরি’তে দুটি বিস্ফোরকবোঝাই সামুদ্রিক ড্রোন আঘাত হানে। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। স্যাটেলাইট চিত্রে জাহাজটির বেশির ভাগ অংশ উল্টে পানিতে ডুবে থাকতে দেখা গেছে। শুধু সামনের অংশ পানির ওপরে ছিল।
জেটি এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার চিত্রও পাওয়া গেছে। কর্মকর্তাদের দাবি, এ ঘটনায় আরও চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। বিস্ফোরণে রুশ ও লিবীয় নাগরিকসহ ১০ জন সামান্য আহত হয়েছেন।
কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলীয় প্রশাসনের সঙ্গে সামুদ্রিক সহযোগিতা চুক্তির আওতায় রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য যুদ্ধজাহাজটি বেনগাজি বন্দরে অবস্থান করছিল।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ড্রোনগুলো পশ্চিম লিবিয়ার কোনো ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়ে থাকতে পারে।
যুদ্ধজাহাজে হামলার কয়েক ঘণ্টা পর বেনগাজি উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজও সামুদ্রিক ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুটি সামরিক সূত্র। পরে লিবীয় নৌবাহিনী জাহাজটির নাবিকদের উদ্ধার করে।
এদিকে রোববার সন্ধ্যায় বেনগাজি উপকূল থেকে ২০টির বেশি ড্রোন বোট আটক করেছে লিবিয়ার নৌ ও বিমানবাহিনী।
এসব ঘটনার পর লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে তদন্তের অনুরোধ জানিয়েছেন।
পশ্চিম লিবিয়া থেকে ড্রোন উৎক্ষেপণের সন্দেহের পাশাপাশি দেশটিতে ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞদের সম্ভাব্য উপস্থিতি নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে কিয়েভের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন।
পূর্বাঞ্চলীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিবিয়া কোনো পক্ষ নয়। দেশটির বন্দর, ভূখণ্ড বা জলসীমাকে বিদেশি সংঘাত কিংবা প্রতিশোধ নেওয়ার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বেনগাজি পূর্ব ও দক্ষিণ লিবিয়ার বড় অংশে প্রভাব বিস্তার করে। রাশিয়ার সঙ্গেও তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটি রাজনৈতিক ও সামরিকভাবে বিভক্ত।
সাম্প্রতিক সময়ে কৃষ্ণসাগরের বাইরে ভূমধ্যসাগর ও লিবিয়ার উপকূলীয় এলাকায় রাশিয়ার নৌ ও জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার অভিযোগও সামনে এসেছে।