ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ইন্দোনেশিয়ায় কারখানায় আগুন, ২৪ বডি ব্যাগে দেহাবশেষ
ইন্দোনেশিয়ার একটি মিষ্টান্ন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তল্লাশি চালিয়ে ২৪টি বডি ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তবে এসব দেহাবশেষ কতজনের, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। আগুনের ঘটনায় এখনো ৩৪ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
এপি নিউজের বরাতে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, উদ্ধার করা দেহাবশেষ ও শরীরের অংশগুলোর ফরেনসিক পরীক্ষা করে পরিচয় শনাক্ত করতে হবে। এর আগে সংস্থাটি তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানী জাকার্তার সীমান্তবর্তী বানতেন প্রদেশের সেরং জেলার পিটি ফোনুসা আগুং মুলিয়া কারখানায় আগুন লাগে। তিনতলা ভবনটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অংশ পুড়ে যায়।
বানতেন অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো জানান, আগুন লাগার ১২ ঘণ্টারও বেশি সময় পরও দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছিলেন। এ কাজে ১৫টি দমকলের গাড়ি ও জলকামান ব্যবহার করা হয়।
উদ্ধার অভিযানে পুলিশ, সেনাবাহিনী, ইন্দোনেশীয় রেড ক্রস ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। আগুন লাগার তাৎক্ষণিক কারণ জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেঁচে যাওয়া কয়েকজন শ্রমিকের দাবি, কারখানার তৃতীয় তলার একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়।
কারখানার প্রধান নির্বাহী স্টিভেন উইজায়া জানান, আগুন লাগার সময় কারখানা চত্বরে প্রায় ৩০০ শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে ৬৫ জন আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।
রোববার বিকেল পর্যন্ত ২৪ জন শ্রমিক বাড়ি ফিরেছেন। সোমবার (২৩ নভেম্বর) প্রথম প্রহরে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, আগুনের সময় কারখানার ক্ষতিগ্রস্ত এলাকায় ৬৩ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৩৪ জন এখনো নিখোঁজ।
নিখোঁজ শ্রমিকদের পরিচয় শনাক্ত করতে তাঁদের পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে কর্তৃপক্ষ। ভুক্তভোগী শনাক্তকরণ বিভাগের প্রধান ওয়াহু হিদায়াতি দ্বি পালুপি বলেন, দেহাবশেষের অবস্থা এতটাই খারাপ যে দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা ও প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে। উদ্ধার করা দেহাবশেষের ব্যাগগুলো শনাক্তকরণের জন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
সেরং দমকল বিভাগের কর্মকর্তা টুবগাস মাহফুদ জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও কারখানার সব অংশে তল্লাশি চালানো সম্ভব হয়নি। ভবনের কিছু অংশ ধসে পড়ায় এবং পর্যাপ্ত আলো না থাকায় উদ্ধারকর্মীদের সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। এ ছাড়া কারখানায় উৎপাদিত সামগ্রীর কারণে আগুন আবার জ্বলে ওঠার আশঙ্কা রয়েছে। তাই তল্লাশির পাশাপাশি ভবনটি ঠান্ডা করার কাজও চলছে।
এদিকে কারখানার বাইরে নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা তাঁদের প্রিয়জনদের সন্ধানে অপেক্ষা করছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় একাধিক প্রাণঘাতী শিল্পকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দেশটির কারখানাগুলোর কর্মপরিবেশ, অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।