ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১, ২৩ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে অনিশ্চয়তা
ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এমন অনিশ্চয়তার মধ্যেই যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির বৈঠক শেষ হয়েছে।

চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণে দুই দেশের জেআরসি সদস্যদের নেতৃত্বে গঠিত যৌথ কমিটি গত রোববার রাজধানীর একটি হোটেলে বৈঠক করে। এতে গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে উপস্থাপনের কথা রয়েছে।

যৌথ নদী কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি সই হয়। চুক্তির ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এর বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য দুই দেশের জেআরসি সদস্যদের নেতৃত্বে যৌথ কমিটি গঠন করা হয়।

চলতি বছর যৌথ কমিটির প্রথম (৮৯তম) বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় (৯০তম) বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় গত রোববার ঢাকায় তৃতীয় ও সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে চুক্তি বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। আর ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।

যৌথ নদী কমিশন জানায়, ১৯৯৭ সাল থেকে গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণদল মোতায়েন করে আসছে যৌথ কমিটি। পাশাপাশি এসব দলের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বার্ষিক প্রতিবেদন তৈরির কাজও করে থাকে কমিটি।

এসব কার্যক্রম পরিচালনায় প্রতিবছর যৌথ কমিটির তিনটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্যে একটি বৈঠক ফারাক্কায় সরেজমিন পরিদর্শন শেষে কলকাতায় অনুষ্ঠিত হয়। অন্য একটি বৈঠক হার্ডিঞ্জ সেতু এলাকায় গঙ্গা বা পদ্মা নদী পরিদর্শন শেষে ঢাকায় হয়।

চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্ব যৌথ কমিটির। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার এ কমিটির নেই। এ ধরনের সিদ্ধান্ত দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব ও সরকার পর্যায়ের বিষয়। ফলে গত রোববারের বৈঠকে চুক্তির মেয়াদ শেষ হওয়া বা নবায়ন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি এ চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে দুই দেশের মধ্যে পানিবণ্টন করা হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত এপ্রিলে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বাংলাদেশ সরকার। জুনে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে আলোচনার প্রস্তাব দেয়। একই অনুরোধের কথা উল্লেখ করে আগস্টে ভারতকে আরও একটি চিঠি পাঠায় বাংলাদেশ। তবে বাংলাদেশের ওই প্রস্তাবে ভারত এখনো সাড়া দেয়নি।

এদিকে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলে ন্যায্য হিস্যা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ যুক্ত করার দাবি উঠেছে বাংলাদেশের পক্ষ থেকে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, উজানে গঙ্গা নদীর ওপর ভারতের বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রভাবে শুষ্ক মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মার পানিপ্রবাহ কমে যায়। এতে কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!