ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা নিয়ে আলোচনা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা নিয়ে আলোচনা
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে বারবার চিকিৎসা নিতে হয়—এমন বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির কাছে অনুরোধ জানান তিনি। জবাবে প্রয়োজনীয় রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে এ অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে হুমায়ুন কবির ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন। দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে এ ধরনের সফর গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানান থাইল্যান্ডের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে থাইল্যান্ড প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে ইচ্ছুক ব্যক্তিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে দেশটির উদার সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে যেসব রোগীর বারবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাতায়াত করতে হয়, তাদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানান তিনি। জবাবে রাষ্ট্রদূত প্রয়োজন রয়েছে এমন রোগীদের এ ধরনের ভিসা দেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা পেতে বাংলাদেশের আবেদন এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগদানের আকাঙ্ক্ষায় অব্যাহত সমর্থনের জন্য থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

সাক্ষাতে আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গও তুলে ধরেন প্রতিমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।

রাষ্ট্রদূত এসব বিষয়ে থাইল্যান্ডের পক্ষ থেকে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!