ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]

শিশুদের সোশ্যাল মিডিয়ায় হাইকোর্টের নির্দেশ

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ২২ নভেম্বর ২০২৬
শিশুদের সোশ্যাল মিডিয়ায় হাইকোর্টের নির্দেশ
ছবি: সংগৃহীত।

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে বলা হয়েছে।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। এ বিষয়ে আদালত রুলও জারি করেছেন।

রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নীতিমালা তৈরি এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন আদালত। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তারা বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে।

রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে।

গবেষণার তথ্য অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও তুলনামূলক কম। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য এ বয়সী শিশুদের প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতার কথা উল্লেখ করে রিট আবেদনে বলা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে ব্যাহত হতে পারে শারীরিক বৃদ্ধি ও সামগ্রিক মানসিক সুস্থতা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!