ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]

ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তিতে নতুন দৃষ্টান্ত

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ২১ নভেম্বর ২০২৬
ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তিতে নতুন দৃষ্টান্ত
ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন বা ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তিতে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ। গত ১৭ নভেম্বর পর্যন্ত অল্প সময়ে ৩৮টি মামলার রায় ঘোষণা করেছেন এই বেঞ্চের বিচারপতিরা।

তবে উচ্চ আদালতে এখনো ১ হাজার ৩০১টি ডেথ রেফারেন্স মামলা বিচারাধীন। এ অবস্থায় মামলাজট কমাতে আরও বিশেষ বেঞ্চ গঠনের প্রত্যাশা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

ডেথ রেফারেন্স মামলা কী?

ফৌজদারি বিচারব্যবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন নেওয়ার যে আইনি প্রক্রিয়া, সেটিই ডেথ রেফারেন্স মামলা। প্রচলিত আইন অনুযায়ী, দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিংবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে সেই রায়ের নথিপত্র হাইকোর্টে পাঠাতে হয়।

ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী, হাইকোর্টের অনুমোদন ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। বিচারিক আদালতের পাঠানো নথি হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়।

হাইকোর্টে ১ হাজার ৩০১ মামলা বিচারাধীন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ১ হাজার ৩০১টি ডেথ রেফারেন্স মামলা বিচারাধীন ছিল। গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে নিষ্পত্তি হয়েছে মাত্র ১০টি মামলা।

সুপ্রিম কোর্টের আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে শুনানির ধারাবাহিকতায় বর্তমানে হাইকোর্টে ২০১৯-২০ সালে নথিভুক্ত ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানি চলছে।

মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণ

ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দেরির অন্যতম কারণ হিসেবে পেপারবুক প্রস্তুতে দীর্ঘ সময় লাগা এবং মামলার তুলনায় শুনানির বেঞ্চের সংখ্যা কম থাকার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

তিনি বলেন, দীর্ঘসূত্রতার কারণে অনেক আসামিকে বছরের পর বছর কারাগারের কনডেম সেলে থাকতে হয়। অথচ পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ে তাঁদের কেউ কেউ খালাসও পান। দ্রুত ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি হলে অনেক আসামি এই অনাকাঙ্ক্ষিত বন্দিদশা থেকে মুক্তি পেতে পারেন।

ডেথ রেফারেন্স মামলার পেপারবুক কী?

ডেথ রেফারেন্স মামলার পেপারবুক হলো বিচারিক আদালতে মামলা শুরু থেকে রায় ঘোষণা পর্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের সংকলন। এতে এজাহার, অভিযোগপত্র, অভিযোগ গঠনের আদেশ, সুরতহাল প্রতিবেদন, জব্দ তালিকা, ঘটনাস্থলের মানচিত্র, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক বা ডিএনএ পরীক্ষার প্রতিবেদন থাকে।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মৃত্যুকালীন ঘোষণা, রাষ্ট্র ও আসামিপক্ষের সাক্ষীদের জবানবন্দি ও জেরা, ৩৪২ ধারায় আসামির বক্তব্য, দালিলিক সাক্ষ্য, বিচারিক আদালতের পূর্ণাঙ্গ রায় এবং আসামিপক্ষের আপিল বা জেল আপিলের নথিও এতে অন্তর্ভুক্ত থাকে। সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসে পেপারবুক ছাপা হয়।

মামলাজট কমানোর উপায়

ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, পেপারবুক প্রস্তুত করতে সময় লাগলেও সব নথি প্রস্তুত হওয়ার পর শুনানিতে এসে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হওয়ার কথা নয়।

তিনি বলেন, দ্রুত মামলা নিষ্পত্তির জন্য দণ্ডিত ব্যক্তির আইনজীবী ও রাষ্ট্রপক্ষ—উভয়কেই আন্তরিক হতে হবে। পাশাপাশি বিচারকদেরও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সম্প্রতি অল্প সময়ে ৩৮টি মামলার রায় ঘোষণা করে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিম্ন আদালতের কিছু বিচারকের গণহারে মৃত্যুদণ্ড দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল। তাঁর মতে, এ ধরনের রায়ের কারণে হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলার সংখ্যা বাড়ে এবং মামলাজট তৈরি হয়।

ফেনীর নুসরাত হত্যা মামলার উদাহরণ টেনে তিনি বলেন, ওই মামলায় ট্রাইব্যুনাল ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। হাইকোর্ট ওই রায়কে ‘মাইন্ডলেস সেন্টেন্স’ হিসেবে উল্লেখ করেছিলেন। পরে ওই বিচারককে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ফৌজদারি মামলায় সাজা নির্ধারণে একটি সেন্টেন্সিং গাইডলাইন থাকা প্রয়োজন। এতে একই ধরনের অপরাধে সাজা দেওয়ার ক্ষেত্রে অসামঞ্জস্য কমবে এবং অপ্রয়োজনীয় মৃত্যুদণ্ডের রেফারেন্স মামলার সংখ্যা কমতে পারে।

হাইকোর্টের ৫ বেঞ্চে চলছে ডেথ রেফারেন্সের শুনানি

সর্বশেষ গত ২৪ অক্টোবর হাইকোর্টের ৫৭টি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে হাইকোর্টের পাঁচটি বেঞ্চে ডেথ রেফারেন্স মামলার বিচারিক কার্যক্রম চলছে।

এর মধ্যে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হচ্ছে।

ডেথ রেফারেন্স শুনানিতে হাইকোর্টের ক্ষমতা

ফৌজদারি কার্যবিধির ৩৭৫ থেকে ৩৭৯ ধারায় ডেথ রেফারেন্স শুনানির প্রক্রিয়া ও হাইকোর্টের ক্ষমতা বর্ণনা করা হয়েছে। আইন অনুযায়ী, হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখতে পারেন। চাইলে সাজা কমিয়ে যাবজ্জীবন বা অন্য কোনো দণ্ড দিতে পারেন। এমনকি আসামিকে খালাসও দিতে পারেন। এ ছাড়া মামলার পরিস্থিতি বিবেচনায় পুনঃতদন্ত বা নতুন করে বিচারের নির্দেশ দেওয়ার ক্ষমতাও রয়েছে।

বিশেষ বেঞ্চে ৩৮ মামলার রায়

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত ১০ জুন বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চটি গত ১৭ নভেম্বর পর্যন্ত ৩৮টি মামলার রায় ঘোষণা করেছেন।

এই বেঞ্চ ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় গত ২৪ আগস্ট রায় দেন। এতে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং অপর ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়।

এ ছাড়া মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে গত ৩১ আগস্ট রায় দেন হাইকোর্ট।

সর্বশেষ গত ১৭ নভেম্বর রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত। একই মামলায় তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়।

সুত্র:বাসস

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!