ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, আরও কমার আশঙ্কা
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। গত শুক্রবার (২০ নভেম্বর) দেশে এক দিনেই ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা।
এমন পরিস্থিতিতে সামনে স্বর্ণের দাম আরও কমবে কি না, তা নিয়ে ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বাজার বিশ্লেষকদের ধারণা, স্বর্ণের দাম স্থিতিশীল হওয়ার আগে আরও কমতে পারে। যুক্তরাষ্ট্রে সুদের হার নিয়ে উদ্বেগ, বিনিয়োগকারীদের বাধ্য হয়ে সম্পদ বিক্রি এবং দরপতনের আশায় নেওয়া বিনিয়োগ কৌশলের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। এতে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু।
গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৫২৫ দশমিক ২৫ ডলারে নেমে আসে। এটি গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। পুরো সপ্তাহে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ। অথচ চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে উঠেছিল।
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কাকে স্বর্ণের দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ফেডের কঠোর মুদ্রানীতির কারণে ডলারের পাশাপাশি মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হারও বেড়েছে। স্বর্ণ থেকে সুদ পাওয়া যায় না বলে অন্যান্য সম্পদে মুনাফা বাড়লে বিনিয়োগকারীদের কাছে এর আকর্ষণ কমে যায়।
পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, স্বর্ণের বাজার এখন সামষ্টিক অর্থনৈতিক প্রতিকূলতা ও বাধ্য হয়ে সম্পদ বিক্রির মতো পরিস্থিতির জটিল চাপে রয়েছে।
এদিকে বিশ্বজুড়ে শেয়ারবাজারে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারে দরপতন হচ্ছে। এ পরিস্থিতিতে নগদ অর্থ সংগ্রহ করতে বিনিয়োগকারীরা স্বর্ণসহ বিভিন্ন সম্পদ বিক্রি করছেন। এতে স্বর্ণের দাম কমার চাপ আরও বেড়েছে।
সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচা বলেন, শুক্রবার স্বর্ণের দরপতন একাধিক নেতিবাচক প্রভাবের সম্মিলিত ফল। ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি ডলারকে শক্তিশালী করেছে। একই সময়ে এআই খাতের শেয়ারে বড় ধরনের বিক্রির কারণে বিনিয়োগকারীরা বিভিন্ন সম্পদ থেকে অর্থ তুলে নিচ্ছেন। তবে সেই অর্থ নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রগুলোতে সরিয়ে নিচ্ছেন না।
বিজয় ভালেচা আরও জানান, বাজারের প্রবণতা অনুসরণ করে বিনিয়োগ করা তহবিলগুলো এরই মধ্যে স্বর্ণের দরপতন থেকে মুনাফা করার কৌশল হিসেবে ‘শর্ট পজিশন’ বাড়িয়েছে। অন্যদিকে, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি বিনিয়োগ প্রত্যাহার করেননি। ফলে সামনে স্বর্ণের বাজারে আরও বিক্রির চাপ তৈরি হতে পারে।
বর্তমানে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম প্রায় ৩ হাজার ৫২৫ ডলার। এখন বাজারের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রেতারা ৩ হাজার ৫০০ ডলারের মনস্তাত্ত্বিক মূল্যস্তর ধরে রাখতে পারবেন কি না।
ক্রিস ওয়েস্টনের মতে, স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে সেখানে স্থায়ী হলে তা ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৩০০ ডলারের মধ্যে চলে যেতে পারে। তখন দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী ও সরাসরি স্বর্ণ কেনা ব্যক্তিরা আবার বাজারে আগ্রহী হতে পারেন।
নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম বলেন, আগের সমর্থনমূলক মূল্যস্তর ভেঙে যাওয়ায় স্বর্ণের দাম এখন ৩ হাজার ৫০০ ডলারের দিকে ঝুঁকছে। এই স্তরের নিচে দীর্ঘ সময় অবস্থান করলে দাম আরও কমে প্রতি আউন্স ৩ হাজার ২০০ ডলারে নেমে আসতে পারে।
সূত্র: দ্য ন্যাশনাল।