ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

ঢাকায় আসছেন রোমানিয়ান গায়িকা ওটিলিয়া

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:২৬, ২১ নভেম্বর ২০২৬
ঢাকায় আসছেন রোমানিয়ান গায়িকা ওটিলিয়া
রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া। ছবি : সংগৃহীত

চলতি মাসেই ঢাকায় আসছেন জনপ্রিয় রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে অনুষ্ঠিত হবে তার কনসার্ট। ‘বিলিওনেরা’ গানের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া এই শিল্পীর অনুষ্ঠানটি আয়োজন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ।

সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে কনসার্টের তারিখ ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠানটি। এর আগে গত অক্টোবরে ওটিলিয়াও নিজের ফেসবুক পেজে ঢাকার এই কনসার্টের প্রচার চালান।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী দু-এক দিনের মধ্যে অনলাইনে কনসার্টের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। তবে অনুষ্ঠান আয়োজনের জন্য এখনো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি প্রক্রিয়া চলছে। অনুমতি পাওয়া গেলেই টিকিট বিক্রি শুরু করবে আয়োজক প্রতিষ্ঠান।

২০১৪ সালে ‘বিলিওনেরা’ গান প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান ওটিলিয়া। গানটি বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান, বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশে জনপ্রিয়তা পায়। একাধিক দেশের সংগীত তালিকায়ও শীর্ষস্থান দখল করে গানটি।

এর আগে ২০২২ সালে ‘টিকিফাই’-এর আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। এবারের কনসার্টের মধ্য দিয়ে আবারও ঢাকার মঞ্চে গান পরিবেশন করবেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!