ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার তথ্য মিথ্যা-গুজব

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ২১ নভেম্বর ২০২৬
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার তথ্য মিথ্যা-গুজব
এআই দিয়ে তৈরি করা ছবি।

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, এলাকায় কোনো হিন্দু বসতি নেই। কোনো হিন্দু পরিবারের ওপর হামলা কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।

শনিবার (২১ নভেম্বর) নড়াইল জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ শেখ (৪৫) ও জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪০)।

নিহত শহীদ শেখ মির্জাপুর গ্রামের নেছার শেখের ছেলে। অন্যদিকে সোহেল মোল্লা বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের সন্তান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের জের ধরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ভুক্তভোগী পরিবারের স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে একত্রিত হন। একপর্যায়ে তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালান।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নড়াইল জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। প্রকৃত ঘটনা আড়াল করে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!