পরীমনির মাদক মামলার শুনানি পিছিয়ে ২৩ ডিসেম্বর
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এ জন্য সকাল সাড়ে ১০টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হন। তবে আদালতে গিয়ে তিনি জানতে পারেন, মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে স্থানান্তর করা হয়েছে।
আইনজীবী আরও জানান, পরে সিএমএম আদালতে পরীমনির হাজিরা নেওয়া হয়। এরপর বিচারক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়।
২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন চিত্রনায়িকা পরীমনি। এর কয়েক দিন পর, ওই বছরের ৪ আগস্ট তার বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে মদ ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানায় সংস্থাটি। পরে পরীমনিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।
ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার অন্য দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার।
২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান সাক্ষ্য দেওয়া শুরু করেন।
তবে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে পুনরায় আদেশ দেওয়া হয়।