ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ অর্থনীতি ]

ভ্যাট রিটার্ন জমায় সুদ-জরিমানা ছাড়, সময় বাড়াল এনবিআর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:০০, ১৭ নভেম্বর ২০২৬
ভ্যাট রিটার্ন জমায় সুদ-জরিমানা ছাড়, সময় বাড়াল এনবিআর
সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো সুদ বা জরিমানা ছাড়াই অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

এনবিআর জানিয়েছে, ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে এ সময় বাড়ানো হয়েছে। গত সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হলেও মঙ্গলবার তা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে ব্যবহারকারীর সংখ্যা (কনকারেন্ট ইউজার) বেড়ে যাওয়ায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার কার্যক্রম ব্যাহত হয়।

আদেশে আরও বলা হয়, জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে। এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!