রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন হবে অনলাইনে
ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতি চালু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নতুন ব্যবস্থায় ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদন যাচাই-বাছাই শেষে আসন্ন পবিত্র রমজানের আগেই নতুন ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া শেষ করতে চায় সংস্থাটি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বাসসকে বলেন, আগে ডিলার নিয়োগের আবেদনসহ সংশ্লিষ্ট কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হতো। এখন থেকে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনের সর্বশেষ অগ্রগতিও অনলাইনে জানতে পারবেন।
তিনি জানান, বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের কার্যক্রম চলছে। ইতোমধ্যে আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। অনলাইনে জমা পড়া আবেদন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের দেওয়া তথ্য যাচাই এবং মাঠপর্যায়ে তদন্ত করা হচ্ছে। পরে তদন্ত প্রতিবেদন মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি কাজ করছে। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।
টিসিবির চেয়ারম্যান বলেন, জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে। এখনো সব জেলার প্রতিবেদন পাওয়া যায়নি। এ কারণে প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে।
তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিলারের অন্তত ৫০ শতাংশ নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। বাকি নিয়োগও আসন্ন রমজানের আগেই শেষ করতে চায় টিসিবি।
টিসিবি সূত্রে জানা গেছে, ২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানোর পর নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। সংস্থাটির পণ্য বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ডিলার নির্বাচনে তদারকি জোরদার করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
নতুন ব্যবস্থায় অনলাইনে আবেদন গ্রহণ, জেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য যাচাই এবং মূল্যায়ন কমিটির পর্যালোচনার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। টিসিবির আশা, এ পদ্ধতিতে ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একই সঙ্গে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং রমজানের আগে পণ্য বিতরণ কার্যক্রমের প্রস্তুতি নেওয়া সহজ হবে।