ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৯, ১৩ নভেম্বর ২০২৬
কাভার্ডভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে যানবাহনের চাপ বাড়তে থাকলে গজারিয়া অংশে দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ড ভ্যানটি বিকল হওয়ার পর থেকেই মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হতে শুরু করে। একপর্যায়ে বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। কোথাও থেমে থেমে, আবার কোথাও অত্যন্ত ধীরগতিতে গাড়ি চলাচল করছে।

যানজটে আটকে পড়া ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, জামালদী এলাকা থেকে তিনি যানজটে পড়েছেন। সেখান থেকে ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।

বাসচালক আলী আকবর বলেন, বালুয়াকান্দি এলাকা থেকে যানজট শুরু হয়েছে। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তার প্রায় এক ঘণ্টা লেগেছে।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরাও। এক বাসযাত্রী বলেন, তিনি ঢাকায় চাকরি করেন। সরকারি ছুটিতে পারিবারিক প্রয়োজন কিংবা সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে গ্রামের বাড়িতে যেতে হয়। কাজ শেষে আবার কর্মস্থলে ফিরতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে প্রতিবারই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরিয়ে নিতে কাজ চলছে। এক ঘণ্টার মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!