ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রান্সফরমার চুরির চেষ্টা, ১১ হাজার ভোল্টের খুঁটিতে আটকে যুবক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪১, ১৩ নভেম্বর ২০২৬
ট্রান্সফরমার চুরির চেষ্টা, ১১ হাজার ভোল্টের খুঁটিতে আটকে যুবক
উদ্ধার

রাতের আঁধারে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা। খুঁটির ওপরে উঠে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই আটকে পড়েন এক ব্যক্তি। নিচে অপেক্ষায় থাকা সহযোগীরা কী করেছেন, তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পুলিশ। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাঁকে জীবিত উদ্ধার করা হলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের ডান পাশের প্রায় ৩৩ শতাংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ছাতির বাজার এলাকায় ডিবিএল কারখানা-গোদারচালা আঞ্চলিক সড়কের ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একাধিক ব্যক্তি মিলে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। তাঁদের একজন খুঁটির ওপরে ওঠেন, অন্যরা নিচে অবস্থান করছিলেন। ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করা হলেও ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎ চালু ছিল। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি খুঁটির ওপরে আটকে পড়েন। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা সুলতান শেখ বলেন, রাত ১০টার দিকে ওই ব্যক্তিকে বিদ্যুতের খুঁটির ওপরে আটকে থাকতে দেখা যায়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে উদ্ধারের ব্যবস্থা করা হয়।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শান্তনু রায় বলেন, রাত পৌনে ১০টার দিকে খবর পেয়ে তাঁদের ৮ থেকে ১০ জনের একটি দল ঘটনাস্থলে যায়। রাত ১২টার দিকে ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে আটকে পড়েন। উদ্ধার অভিযানের সময় ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল। ভবিষ্যতে ট্রান্সফরমার চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। রাত ১২টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর শরীরের ডান পাশের প্রায় ৩৩ শতাংশ পুড়ে গেছে। পরে তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে ওই ব্যক্তি ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে খুঁটিতে উঠেছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!