জয়া আহসান ও শ্রাবন্তী প্রথমবার এক সিনেমায়
বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এবং কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রথমবারের মতো একই পর্দায় দেখা মিলবে। খুন, রহস্য ও সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে কলকাতার পরিচালক অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ একসঙ্গে অভিনয় করতে চলেছেন।
দুই বাংলার এই দুই জনপ্রিয় তারকা। প্রতিশোধ, বিশ্বাসভঙ্গ এবং সম্পর্কের নানা টানাপড়েন ঘিরে এগোবে এই সিনেমার কাহিনি। পাহাড়ি পরিবেশের কোনো এক আনন্দ আয়োজনের মধ্যে হঠাৎ করেই এসে পৌঁছায় একটি অস্বস্তিকর বার্তা। এর পরই ঘনীভূত হতে থাকে রহস্য। একাধিক চরিত্রের ভিড়ে আসল খুনি কে এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেই উত্তর খুঁজতেই এগিয়ে যাবে সিনেমার প্লট।
পরিচালক অর্জুন দত্ত এর আগে ‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ এবং ‘বিবি পায়রা’–র মতো সিনেমা পরিচালনা করেছেন। তার মধ্যে ‘ডিপ ফ্রিজ’ সিনেমাটি অর্জন করেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আগের কাজগুলোতে মূলত সম্পর্কের বিভিন্ন দিক প্রাধান্য পেলেও এবার সম্পূর্ণ থ্রিলারধর্মী গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন এই নির্মাতা।
নতুন এই প্রজেক্ট প্রসঙ্গে অর্জুন দত্ত জানিয়েছেন, তার সব সিনেমায় সম্পর্কের নানা দিক উঠে এলেও প্রতিটি ছবিই আলাদা। একজন পরিচালক হিসেবে সব ধরনের গল্প নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে তার। থ্রিলার বানানোর পরিকল্পনা ছিল অনেক দিনের, যা অবশেষে বাস্তবায়িত হতে চলেছে।
সিনেমাটিতে জয়া ও শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় ও অভীপ্সা চট্টোপাধ্যায়। এই দীর্ঘ তালিকায় আরও যুক্ত আছেন লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য এবং মনোজ ওঝার মতো তারকারা।
এত বড় তারকাবহর নিয়ে এই প্রথম কোনো সিনেমা নির্মাণ করছেন অর্জুন। এ বিষয়ে তিনি বলেন, প্রতিটি চরিত্রই ভীষণ গুরুত্বপূর্ণ। এ ধরনের থ্রিলার ঘরানার সিনেমায় গল্পের বাঁধন খুব শক্ত হওয়া দরকার, নতুবা পুরো বিষয়টিই নষ্ট হয়ে যেতে পারে।