নির্মিত হবে সোনিয়ার আত্মজীবনী নিয়ে সিনেমা: কমিটি গঠন
তেলুগু ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটির প্রাথমিক নির্মাণ ব্যয়ের জন্য দুই কোটি রুপি অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কংগ্রেস কর্মীদের এক সভায় এই ঘোষণা দেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জাগ্গা রেড্ডি। চলচ্চিত্রের প্রাথমিক নির্মাণ কার্যক্রম তদারকির জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জাগ্গা রেড্ডি বলেন, নির্বাচনের জন্য যেমন অর্থ ব্যয় করা হয়, এটিকে তেমন একটি উদ্যোগ হিসেবে বিবেচনা করতে হবে। সবাই মিলে অর্থ সংগ্রহ করে উপযুক্ত বাজেট নির্ধারণের পাশাপাশি একজন ভালো পরিচালক নির্বাচন করতে হবে।
সভায় সোনিয়া গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টিও তুলে ধরেন জাগ্গা রেড্ডি। রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পর পি ভি নরসিমা রাও প্রধানমন্ত্রী হন। সে সময় সোনিয়া গান্ধী নিজে ওই পদে যাওয়ার চেষ্টা করেননি বলে উল্লেখ করেন তিনি। পরবর্তী সময়ে ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের সরকার গঠনের সময়ও কংগ্রেস নেতারা সোনিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার পক্ষে অবস্থান নেন। জাগ্গা রেড্ডি এ সিদ্ধান্তকে সোনিয়া গান্ধীর রাজনৈতিক জীবনের একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন।
চলচ্চিত্রে সোনিয়া গান্ধীর জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হবে। গান্ধী পরিবারের সঙ্গে তার সম্পর্ক থেকে শুরু করে ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠার গল্পও থাকবে এতে। চলচ্চিত্রে ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, রাজীব গান্ধীর স্ত্রী এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মা হিসেবে তার জীবন তুলে ধরা হবে।