ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তির ৪৬ বছর বয়সে প্রত্যাবর্তন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২০, ১৩ নভেম্বর ২০২৬
ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তির ৪৬ বছর বয়সে প্রত্যাবর্তন
ছবি: সংগৃহীত

গোটা বিশ্বকে ফুটবল মাঠে তার পায়ের জাদু একসময় মুগ্ধ করেছে। ড্রিবলিং, নিখুঁত পাস আর চোখ ধাঁধানো স্কিল দিয়ে ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সে রোনালদিনহোই আবার ফিরতে চলেছেন প্রতিযোগিতামূলক ফুটবলে। বয়স ৪৬। 
অবসরের পর কেটে গেছে ১১ বছরেরও বেশি সময়। এবার ইতালির তৃতীয় ডিভিশনের ক্লাব রাভেন্না এফসির জার্সিতে দেখা যাবে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকাকে।
আগামী ১৫ নভেম্বর ইতালির সিরি সি-তে ফরলির বিপক্ষে ডার্বি ম্যাচে রোনালদিনহোর মাঠে ফেরার কথা। গত অক্টোবরেই তার প্রত্যাবর্তনের দিনক্ষণ ঘোষণা করেছিল ক্লাব। চলতি বছরের জুনে রাভেন্নার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, সত্যিই কি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে দেখা যাবে বার্সেলোনা ও এসি মিলানের সাবেক তারকাকে? সে জল্পনাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। তবে রাভেন্নার সঙ্গে রোনালদিনহোর সম্পর্ক শুধুই ফুটবলার হিসেবে নয়। ক্লাবের শেয়ারহোল্ডারও তিনি। বন্ধুর মালিকানাধীন এই ক্লাবে অংশীদারত্ব কিনেছেন ‘ও ব্রুকসো’ (রোনালদিনহোর ডাকনাম)। ২০১৫ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে চলেছেন তিনি। সেবার ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়ে খেলেছিলেন তিনি। যদিও ২০১৮ সালে অবসর ঘোষণা করেন।
প্রত্যাবর্তনের ম্যাচেই একটি ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার হাতছানি রয়েছে রোনালদিনহোর সামনে। পেশাদার ফুটবলে তার গোলসংখ্যা ২৯৯। অর্থাৎ, রাভেন্নার হয়ে একটি গোল করতে পারলেই ৩০০ গোলের ক্লাবে ঢুকে পড়বেন তিনি। ফরলির বিপক্ষে ম্যাচটি হবে রাভেন্নার ঘরের মাঠ স্তাদিও ব্রুনো বেনেল্লিতে। বিশেষ এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের ইঙ্গিত দিয়েছে ক্লাব। ইতালির ক্লাবে যোগ দেওয়ার পর নিজের উচ্ছ্বাস গোপন করেননি কিংবদন্তি ফুটবলার। ফের বল পায়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন। ফুটবল তার কাছে বরাবরই আনন্দের উৎস। সেই আনন্দই আবার সমর্থকদের মধ্যে ছড়িয়ে দিতে চান ব্রাজিলীয় তারকা।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!