ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬, ১৩ নভেম্বর ২০২৬
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন ডিজিটাল সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ই-মেইল, ভিডিও কনফারেন্স, অফিসের কাজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন লাখো মানুষ। এ ঘটনায় মাইক্রোসফট ৩৬৫, আউটলুক, টিমস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, শেয়ারপয়েন্ট ও ওয়ানড্রাইভের কার্যক্রম ব্যাহত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারে বিঘ্ন ঘটে। ওয়েবসাইটের সেবাবিপর্যয় পর্যবেক্ষক ডাউনডিটেক্টরে একপর্যায়ে বিশ্বজুড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার সমস্যার অভিযোগ জমা পড়ে। ব্যবহারকারীরা বিশেষ করে আউটলুকে ই-মেইল পাঠানো ও গ্রহণ করা এবং ইনবক্স লোড করতে সমস্যার কথা জানান।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের অবকাঠামোর একটি অংশে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় সংযোগজনিত ত্রুটি দেখা দেয়। স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষা ব্যর্থ হওয়ায় কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে। ফলে অবশিষ্ট সার্ভারগুলোর ওপর চাপ বেড়ে যায়।

প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পুনরায় চালু করতে কাজ চলছে। কিছু সার্ভার ইতোমধ্যে সচল করা হয়েছে এবং বিকল্প নেটওয়ার্ক পথ ব্যবহার করে সেবার চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে পুনরায় চালু করা কিছু সার্ভার ব্যবহারকারীদের চাপ বাড়লে আবারও অকার্যকর হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। এ কারণে ধাপে ধাপে সেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এই বিপর্যয়ের প্রভাব পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাতেও। ওপেনএআই ও অ্যানথ্রোপিক জানিয়েছে, মাইক্রোসফট ৩৬৫-এর সঙ্গে যুক্ত তাদের বিভিন্ন সংযোগসেবায় সমস্যা দেখা দিয়েছে। এতে নতুন সংযোগ স্থাপন ও কিছু টুল ব্যবহারে বিঘ্ন ঘটে।

অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মার্ক গ্রেগরি মনে করেন, মাইক্রোসফটের নেটওয়ার্ক ব্যবস্থার কনফিগারেশনজনিত সমস্যার কারণে এ বিপর্যয় ঘটে থাকতে পারে। তার মতে, কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়লে ব্যবহারকারীরা অবশিষ্ট সার্ভারগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এতে অতিরিক্ত চাপ তৈরি হয়ে একের পর এক সার্ভার অকার্যকর হওয়ার ঝুঁকি বাড়ে।

তিনি বলেন, এ ধরনের সমস্যা এড়াতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্কে নতুন পরিবর্তন আনার আগে পরীক্ষামূলক পরিবেশে তা যাচাই করা প্রয়োজন। পাশাপাশি ক্লাউডভিত্তিক সেবার ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোর বিকল্প ব্যবস্থাও রাখা উচিত।

মাইক্রোসফট জানিয়েছে, সার্ভারগুলোর সক্ষমতা পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা ধীরে ধীরে স্বাভাবিক সেবা পাবেন। তবে বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!