ইউটিউবে ১০ লাখ ভিউ হলে কত টাকা আয়, জানুন হিসাব
ইউটিউবে কোনো ভিডিও ১০ লাখ বা ১ মিলিয়ন ভিউ পাওয়া নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য বড় অর্জন। এতে চ্যানেলের পরিচিতি বাড়ে, নতুন দর্শক যুক্ত হন এবং ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়।
তবে ১০ লাখ ভিউ হলেই যে বিপুল অর্থ আয় হবে, বিষয়টি তেমন নয়। ভিডিওর ধরন, দর্শকের অবস্থান এবং বিজ্ঞাপনের ওপর নির্ভর করে আয়ের পরিমাণে বড় পার্থক্য হতে পারে।
ইউটিউব পার্টনার প্রোগ্রামে (ওয়াইপিপি) যুক্ত চ্যানেলগুলো দীর্ঘ ভিডিওতে ১০ লাখ ভিউ থেকে আনুমানিক ২ হাজার থেকে ৪ হাজার ডলার আয় করতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় আড়াই লাখ থেকে পাঁচ লাখ টাকা। তবে এটি নির্দিষ্ট কোনো আয় নয়; চ্যানেল ও কনটেন্টভেদে অর্থের পরিমাণ কম-বেশি হতে পারে।
সাধারণত প্রতি ১ হাজার ভিউয়ে আয় বা রেভিনিউ পার মিল (আরপিএম) ১ থেকে ৫ ডলারের মধ্যে থাকতে পারে। শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক ভিডিওতে তুলনামূলক বেশি আয় হওয়ার সুযোগ থাকে। অন্যদিকে সংগীত ও বিনোদনবিষয়ক ভিডিওতে আয় তুলনামূলক কম হতে পারে।
অনেক ইউটিউবার আয়ের হিসাব দিতে গিয়ে কস্ট পার মিল (সিপিএম) উল্লেখ করেন। তবে সিপিএম হলো প্রতি ১ হাজার বিজ্ঞাপন প্রদর্শনের বিপরীতে বিজ্ঞাপনদাতাদের ব্যয়ের হিসাব। এটি কনটেন্ট নির্মাতার হাতে আসা প্রকৃত অর্থের পরিমাণ নয়।
কারণ, বিজ্ঞাপন থেকে পাওয়া পুরো অর্থ নির্মাতারা পান না। ইউটিউব বিজ্ঞাপনী আয়ের ৪৫ শতাংশ রাখে। বাকি অংশ থেকে চ্যানেলের আয় হিসাব করা হয়। আরপিএমের মাধ্যমে প্রতি ১ হাজার ভিডিও ভিউয়ের বিপরীতে নির্মাতার আনুমানিক আয় বোঝা যায়। তাই শুধু সিপিএম দেখে প্রকৃত আয় নির্ধারণ করা ঠিক নয়।
অনেকের কাছে ১০ লাখ ভিউ মানেই বড় অঙ্কের আয় মনে হতে পারে। কিন্তু ইউটিউব থেকে নিয়মিত ভালো আয় করতে হলে ধারাবাহিকভাবে মানসম্মত ভিডিও প্রকাশ এবং একাধিক ভিডিওতে ভালো দর্শকসংখ্যা ধরে রাখা জরুরি।
ইউটিউবাররা যেভাবে আয় করেন
প্রথমবার কোনো ভিডিওতে ১০ লাখ ভিউ হলেই কনটেন্ট নির্মাতার আয় শুরু হয় না। ইউটিউবের ফ্যান ফান্ডিং সুবিধা, যেমন চ্যানেল মেম্বারশিপ ও সুপার চ্যাট চালু করতে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়।
এ ক্ষেত্রে চ্যানেলে অন্তত ৫০০ সাবস্ক্রাইবার, গত ১২ মাসে ৩ হাজার ঘণ্টা পাবলিক ওয়াচ টাইম অথবা গত ৯০ দিনে ৩০ লাখ পাবলিক শর্টস ভিউ থাকতে হয়। পাশাপাশি গত ৯০ দিনে অন্তত তিনটি যোগ্য পাবলিক ভিডিও আপলোড করতে হয়।
অন্যদিকে, ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে সরাসরি আয় করতে হলে চ্যানেলে অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার এবং গত ১২ মাসে ৪ হাজার ঘণ্টা পাবলিক ওয়াচ টাইম থাকতে হবে। বিকল্প হিসেবে গত ৯০ দিনে ইউটিউব শর্টসে ১ কোটি পাবলিক ভিউয়ের শর্ত পূরণ করেও এ যোগ্যতা অর্জন করা যায়। এসব শর্ত পূরণ ও ইউটিউবের অনুমোদন পেলে নির্মাতারা বিজ্ঞাপন এবং ইউটিউব প্রিমিয়াম থেকে আয়ের অংশ পেতে পারেন।
অনেক কনটেন্ট নির্মাতা ইউটিউবকে পূর্ণকালীন বা খণ্ডকালীন পেশা হিসেবে নিয়েছেন। তবে শুধু প্ল্যাটফর্মের বিজ্ঞাপনী আয়ের ওপর নির্ভর না করে অনেকেই স্পনসরশিপের মাধ্যমে আয় বাড়ানোর চেষ্টা করেন।
স্পনসর হিসেবে ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম স্কয়ারস্পেস, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তাবিষয়ক সেবা ইনকগনি এবং হেডফোন নির্মাতা প্রতিষ্ঠান রেকনের মতো ব্র্যান্ডগুলোকে দেখা যায়। ভিডিওর মাঝখানে বিজ্ঞাপন অনেক দর্শকের পছন্দ না হলেও স্পনসরশিপ কনটেন্ট নির্মাতাদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করে।
সূত্র: বিজিআর