বাংলাদেশ ৩ কোটি ডলার পাবে জলবায়ু তহবিল থেকে
বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে । প্রথমবারের মতো গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) থেকে অর্থ সহায়তা পেতে যাচ্ছে বাংলাদেশসহ ছয়টি দেশ। এর আওতায় উপকূলীয় অঞ্চলের মানুষের জলবায়ু অভিযোজন কার্যক্রমে বাংলাদেশকে দেওয়া হবে ৩ কোটি মার্কিন ডলার।
জলবায়ু ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বুধবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান । এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. সাইমুম রেজাও উপস্থিত ছিলেন।
সম্মেলনে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এসব দেশের জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।
উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) দাতাদের জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ বৃদ্ধির দাবি জানান তিনি।
এর আগে বুধবার বিকেলে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘বাংলাদেশে জলবায়ু অভিযোজন: জাতীয় সাফল্য থেকে বৈশ্বিক পর্যায়ে সম্প্রসারণ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। এ ছাড়া প্যাভিলিয়নে আরও কয়েকটি আয়োজন অনুষ্ঠিত হয়।
শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস্ব অর্থায়নে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে। পাশাপাশি ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় চিহ্নিত করার ব্যবস্থা চালু করা হয়েছে। দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ জাতীয় বাজেট থেকেই নির্বাহ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এটি বাংলাদেশের নিজস্ব অঙ্গীকার ও প্রচেষ্টার প্রতিফলন।
এদিকে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা ও দ্বিপক্ষীয় আলোচনার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, ‘আমরা দুটি মন্ত্রণালয় সম্মেলনকে কেন্দ্র করে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। আমাদের প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সরকারের বৃক্ষরোপণের কথা তুলে ধরেছেন।’
শামা ওবায়েদ আরও বলেন, প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসব বৈঠক ফলপ্রসূ হয়েছে। পাটজাত পণ্য নিয়েও আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলো সহযোগিতার আশ্বাস দিয়েছে।
প্রধানমন্ত্রীর সহধর্মিণী জোবাইদা রহমানও তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. সাইমুম রেজাও বক্তব্য দেন। এ ছাড়া এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল বাংলাদেশের জলবায়ু অভিযোজনের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় জলবায়ু অভিযোজন ও উন্নয়ন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কার্যকর অভিযোজন ব্যবস্থা নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি ধরে রাখা সম্ভব হবে না।
অধ্যাপক আব্দুল আউয়াল বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি কমে যাবে না। এ কারণে অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।