ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

ব্রাজিলে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ আগামী মার্চে

বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সাও পাওলোতে চার দিনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী
বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৯, ৯ নভেম্বর ২০২৬
ব্রাজিলে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ আগামী মার্চে
দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ আয়োজনের ঘোষণা উপলক্ষে ঢাকায় আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে অতিথিরা।

ব্রাজিলের সাও পাওলো শহরে আগামী ২২ থেকে ২৫ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’। বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং ব্রাজিলসহ লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)।

সোমবার (৯ নভেম্বর) ঢাকার বারিধারায় হোটেল অ্যাসকট প্যালেসে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ব্রাজিলের সাও পাওলোর প্রো ম্যাগনো সেন্ট্রো ডি ইভেন্টোসে চার দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। স্বাগত বক্তব্য দেন বিবিসিসিআইয়ের পরিচালক আফাফ মুস্তাহিল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মো. জয়নাল আবদিন।

মূল প্রবন্ধে বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা, রপ্তানি বহুমুখীকরণ, বাজারে প্রবেশাধিকার এবং বিনিয়োগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক অংশীদারত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। ব্রাজিলের রাষ্ট্রদূতও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিবিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি প্রায় ১৮৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আগের অর্থবছরের তুলনায় এ প্রবৃদ্ধি প্রায় ২৬ শতাংশ। অন্যদিকে একই অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার।

আয়োজকদের মতে, ব্রাজিলের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, নিট ও ওভেন পোশাক, ডেনিম, জুতা, চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাটজাত পণ্য, ওষুধ, সিরামিক, কৃষিপ্রক্রিয়াজাত খাদ্য, হিমায়িত সামুদ্রিক খাদ্য, প্লাস্টিক ও প্যাকেজিং পণ্যের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশে ব্রাজিলের তুলা, অপরিশোধিত চিনি, সয়াবিন তেল, কফি, ভুট্টা ও পশুখাদ্যের উপাদানের চাহিদা রয়েছে। দুই দেশের পণ্য ও উৎপাদন সক্ষমতার এই পারস্পরিক পরিপূরকতা বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছে বিবিসিসিআই।

২০২৫ সালে প্রথমবারের মতো সাও পাওলোতে ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ আয়োজন করে বিবিসিসিআই। ওই আয়োজনের অভিজ্ঞতা ও ব্যবসায়িক যোগাযোগকে কাজে লাগিয়ে এবারের প্রদর্শনী আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দ্বিতীয় এক্সপোতে বাংলাদেশের উৎপাদনকারী, রপ্তানিকারক ও উদ্যোক্তাদের সঙ্গে ব্রাজিলের আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী, পরিবেশক, খুচরা বিক্রেতা ও বিনিয়োগকারীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি বৈঠক (বিটুবি), রপ্তানি আদেশ সংগ্রহ, পণ্য সোর্সিং, পরিবেশক নিয়োগ এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানে।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রদর্শনীর মাধ্যমে ব্রাজিল ও লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি বাড়বে। একই সঙ্গে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানসহ বড় উৎপাদনকারী ও রপ্তানিকারকদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হবে।

এক্সপোতে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশি কোম্পানিগুলোকে পণ্য প্রদর্শক হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। পাশাপাশি ব্যবসায়ী ও পেশাজীবীদের প্রতিনিধিদলের সদস্য হিসেবেও অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

নিবন্ধনের প্রাথমিক সময়সীমা ৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৬। নিয়মিত নিবন্ধন চলবে ৯ ডিসেম্বর ২০২৬ থেকে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। নিবন্ধন ও অংশগ্রহণসংক্রান্ত কার্যক্রম সমন্বয় করছে বিবিসিসিআইয়ের এক্সপো ব্যবস্থাপনা সহযোগী ভেনচুরা গ্লোবাল এবং সার্ক ট্রেডিং অ্যান্ড ইভেন্টস।

বিবিসিসিআই জানিয়েছে, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং বেসরকারি খাতের সহযোগিতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশের উৎপাদনকারী, রপ্তানিকারক, উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এক্সপোতে অংশগ্রহণ ও নিবন্ধনের জন্য যোগাযোগ করা যাবে +৮৮০ ১৫৫৩ ৬৭৬৭৬৭ নম্বরে। এ ছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.mibexpo.com ওয়েবসাইটে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!