ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা ছড়াচ্ছে মুকসুদপুরের ‘দীপশিখা’

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ৯ নভেম্বর ২০২৬
মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা ছড়াচ্ছে মুকসুদপুরের ‘দীপশিখা’
ছবি: ডেইলি বাংলাদেশ

হাজারো মোমবাতির আলোয় ঝলমল করছে বিদ্যালয়ের মাঠ। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শত শত তরুণ-তরুণী। আলোর এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মানবিকতা, ভালোবাসা ও অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তরুণদের সংগঠন ‘বহুগ্রাম দীপশিখা’।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুগ্রাম প্রতাপচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল আয়োজনে উদযাপিত হয় দীপাবলি উৎসব। এ উপলক্ষে বিদ্যালয় মাঠজুড়ে প্রজ্বালন করা হয় হাজারো মোমবাতি। আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা।

মাঠের চারপাশে সারিবদ্ধভাবে মোমবাতি সাজানোর পাশাপাশি মাঠের বিভিন্ন স্থানে প্রজ্বালন করা হয় অসংখ্য মোমবাতি। তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। ধর্মীয় উৎসবের আবহ ছাপিয়ে এতে উঠে আসে অন্ধকার দূর করে আলোকিত ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয়।

স্থানীয় তরুণদের উদ্যোগে গড়ে ওঠা ‘বহুগ্রাম দীপশিখা’ গত ১০ বছর ধরে এ আয়োজন করে আসছে। দীপাবলি উদযাপনের পাশাপাশি মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়াই সংগঠনটির মূল লক্ষ্য।

আয়োজকদের মতে, মোমবাতির আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি জ্ঞান, বিবেক ও মানবিকতার আলো সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে পারে। এই বিশ্বাস থেকেই প্রতিবছর দীপাবলিতে মোমবাতি প্রজ্বালনের আয়োজন করা হয়।

সহকারী অধ্যাপক মিন্টু রায় বলেন, ‘এ আয়োজনের উদ্দেশ্য শুধু মোমবাতি জ্বালানো নয়, মানুষের হৃদয়ে আলোর বার্তা পৌঁছে দেওয়া। আমরা চাই, পৃথিবীর প্রতিটি মানুষের মনের অন্ধকার দূর হোক। সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর হয়ে ভালোবাসা, মানবিকতা এবং সম্প্রীতির বন্ধন গড়ে উঠুক। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে গত ১০ বছর ধরে আমরা সেই প্রত্যাশাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।’

দীর্ঘ এক দশকে ‘দীপশিখা’র এ আয়োজন বহুগ্রামের তরুণদের কাছে বিশেষ ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিবছর নতুন প্রজন্মের অংশগ্রহণে আয়োজনটি আরও বিস্তৃত হচ্ছে। আয়োজকদের আশা, মোমবাতির প্রতীকী আলো একসময় মানুষের চিন্তা, চেতনা ও আচরণেও ছড়িয়ে পড়বে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!