ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কলাপাড়ায় ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১, ৯ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় খাইরুল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে নিজ বাড়ির একটি শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খাইরুল ওই গ্রামের মো. আলমগীর হাওলাদারের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক ছিলেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই তাঁর বিরোধ হতো। স্ত্রীকে নিয়েও তাঁর মনোমালিন্য চলছিল। তাদের দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন।

নিহতের বাবা জানান, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন। এ নিয়ে তাঁদের সঙ্গে খারাপ আচরণ ও গালিগালাজ করতেন। গত শনিবার সন্ধ্যায় বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে রাতের খাবার না খেয়েই ঘুমাতে যান।

পরদিন পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে বাইরে গেলে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেন। পরে বাড়িতে ফিরে দরজা বন্ধ দেখে তাঁকে ডাকাডাকি করেন স্বজনরা। ভেতর থেকে সাড়া না পেয়ে ঘরের বেড়া ভেঙে প্রবেশ করে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কলাপাড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!