ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাস্তার মোড়কে নানা অনিয়ম, কারখানার মালিককে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯, ১৩ নভেম্বর ২০২৬
পাস্তার মোড়কে নানা অনিয়ম, কারখানার মালিককে জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে পাস্তা উৎপাদন এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল সেখের নেতৃত্বে অভিযানে ব্যবসায়ী নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. সোহেল সেখ জানান, সয়াধানগড়া মহল্লার মেসার্স এসবি ট্রেডার্সের কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পাস্তার মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এ ছাড়া বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্স এবং ফুড গ্রেড রঙের মোড়কে উৎপাদনকারী ও আমদানিকারকের পূর্ণ ঠিকানা ছিল না। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশেও খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল।

এসব অনিয়মের দায়ে কারখানার মালিক মো. শফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে পণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা কার্যালয়ের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!