ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের দুই চালককে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯, ১৭ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের দুই চালককে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের দুই চালককে কুপিয়ে জখম। ছবি-সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা জংশনের অদূরে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ট্রেনের লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টার গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশনের কাছাকাছি দুধপাথিলা মুরগির খামার এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি খালি বিটিও (BTO) ট্যাংকার ট্রেনটি ক্রসিংয়ের জন্য দর্শনা জংশনের অদূরে দুধপাথিলা মুরগির খামারসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চালক ও সহকারী চালককে জিম্মি করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

হামলার পর আহত অবস্থাতেই চালকরা ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উথলী স্টেশন মাস্টার জানান, ঘটনার পর থেকে খালি ট্যাংকার ট্রেনটি উথলী স্টেশনেই অবস্থান করছে। আহত চালকরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!