ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে গরু দিয়ে হালচাষ আজ বিলুপ্তির পথে

গাজী শাহাদত হোসেন ফিরোজী
প্রকাশিত: ১৩:১৪, ১৭ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে গরু দিয়ে হালচাষ আজ বিলুপ্তির পথে
সিরাজগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ। ছবি: ডেইলি বাংলাদেশ

কালের বিবর্তনে সিরাজগঞ্জ থেকে যান্ত্রিকতার আদলে হারিয়ে যাচ্ছে গরুর হালচাষ। দেশের অনেক জায়গায় আধুনিকতার সুবাতাস বইছে এতে মানুষ সুবিধাগুলো পাচ্ছে সহজেই। সেই অগ্রযাত্রা থেকে নেই কৃষিভিত্তিক প্রযুক্তির ক্ষেত্রেও। দিন দিন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে সারা দেশ থেকে হারিয়ে যাচ্ছে বাঙালির চিরচেনা সেই গরু-লাঙ্গল দিয়ে জমি চাষের চিত্র।

কৃষি প্রধান সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে গরুর লাঙ্গল দিয়ে জমি চাষ আর মই দেওয়া দৃশ্য ছিলো প্রচলিত। বাড়ি থেকে বেড় হয়ে মাঠের দিকে নজর পড়তেই দেখা যেত শত শত কৃষক লোহার ফালা দিয়ে তৈরি করা ধারালো লাঙ্গল কাঠের হাতল আর বাঁশ অথবা কাঠের জোয়াল মাধ্যমে গরুর কাঁধে তুলে দিয়ে জমি চাষ করছে। সে সময় গরু ছাড়া জমি চাষ করার কথা চিন্তাও করা যেত না। অথচ গরু লাঙ্গলের সাথে কৃষকের চিরচেনা দৃশ্য এখন বিরল। 

যুগের পরিবর্তন আর আধুনিকতার ছোঁয়ায় গরুর লাঙ্গলের স্থান দখল করে নিয়েছে ট্রাক্টর ও পাওয়ার টিলার সহ বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি। এখন আর কৃষকরা কাকডাকা কুয়াশাচ্ছন্ন ভোরে জমি চাষ করতে মাঠে যায় না। কৃষক এখন তার সুবিধামতো দিন অথবা রাতে যে কোন সময় ট্রাক্টর বা পাওয়ার টিলার নিয়ে মাঠে গিয়ে অল্প সময়ে প্রয়োজনীয় জমি চাষ এবং মই দিয়ে ফসল আবাদ করছে। তবে ওই ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে জমি চাষে পরিশ্রম এবং সময় কমেছে সত্য। কিন্তু ফসলের গুণগত মান এবং স্বাদ কমে গেছে। তাছাড়া জমির উর্বরতা ও হ্রাস পাচ্ছে বলে জানা যায়।

কাজীপুর ইউনিয়নের বয়োবৃদ্ধ কৃষক আব্দুস সামাদ জানান, একসময় দুমকি এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরেই ছিল গরুর লালন পালন। এই গরুগুলো যেন পরিবারের এক একটা সদস্যের মতো ছিল। আর গরুদিয়ে একরের পর একর জমি চাষাবাদ করা হতো। 

কামারখন্দের ধলেশ্বর গ্রামের কৃষক কান্টা সরকার বলে, যাদের গরু কিম্বা হাল ছিল না তাঁরা জমি চাষের জন্য অন্যদের কামলা দিত পরে তার গরু নিয়ে জমি চাষ করে হাল মালিকেরা সময়মতো জমি চাষ করে দিত। এতে করে চাষের মৌসুমে তাদের আয়ের একটা ব্যবস্থাও হতো।

গরু দিয়ে হাল চাষের উপকারিতা কথা বর্ণনা করে সিরাজগঞ্জ সদর থানার বনবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল কাদের মুন্সী বলেন, গরু দিয়ে হাল চাষ করলে জমিতে ঘাস কম হতো। হাল চাষ করার সময় গরুর গোবর সেই জমিতে পড়তো। এতে করে জমিতে অনেক জৈব সার হতো, এজন্য ফসল ভালো হতো। তিনি বলেন, হালের গরুর গোবর আমরা বাড়ি থেকে জমিতে দিতাম। এছাড়া পরিবেশ দূষণ লাঙ্গল-জোয়াল, গরু আর মই দিয়ে চাষ পদ্ধতি টিকিয়ে রেখেছেন। অতীতে গরু দিয়ে হাল চাষ গ্রামীণ সমাজের কৃষকদের একমাত্র অবলম্বন ছিল।

অতীত দিনের কৃষি জমি চাষ এখন তা বিলুপ্তির পথে। গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখা এখন প্রায় দুরুহ। কারণ মানুষ এখন সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে। তবুও কিছু স্থানীয় কৃষক আমাদের এই ঐতিহ্য লালন করে অনেকে তা ধরে রাখার চেষ্টা করছেন। তবে যান্ত্রিকতার দাপটে ঐতিহ্যের এসব কৃষি উপকরণ কৃষকের ঘরের কতদিন টিকে থাকবে তা আগামী দিনই বলে দেবে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, গরু ও লাঙ্গল ছিল পরিবেশ বান্ধব ও ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। তবে আধুনিক প্রযুক্তিতে কম সময়ে কম খরচে বেশি ফলন পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কৃষিতে আরো পরিবর্তন আসবে। আধুনিকতার স্রোতে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার গরু দিয়ে হাল চাষের ঐতিহ্য। 

গরুর জৈব সার দিয়ে বাড়ির আঙিনায় যে শাকসবজি হতো সেগুলো এখন আর হয় না। তাই এই গ্রামীণ ঐতিহ্য গরু দিয়ে হাল চাষ ও গরু পালনের এগুলো টিকিয়ে রাখা প্রয়োজন বলে করেন সচেতন মহল। 

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!