পরীক্ষামূলক উৎপাদন শেষে আজ গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
দীর্ঘ প্রতীক্ষা, নানা ধাপের পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতি শেষে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য প্রথম ইউনিটকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। পরীক্ষামূলক এই সংযোগের পর গ্রিড থেকে কেন্দ্রটি বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। পরবর্তী সময়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর আবারও গ্রিডে যুক্ত করা হবে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববারই গ্রিডে সংযোগ দেওয়ার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে কম্পনজনিত সমস্যার কারণে শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। পরবর্তী সময়ে কম্পনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে চলে আসায় প্রথম ইউনিটকে এখন সংযোগের জন্য প্রস্তুত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমতি দেওয়া হবে।
পরমাণু শক্তি কমিশনের দুজন কর্মকর্তা জানান, রিয়্যাক্টর, টারবাইনসহ কেন্দ্রের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাই এবং প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুতি নিতে জানানো হয়েছে। তবে চূড়ান্ত সংযোগের আগে সম্ভাব্য ত্রুটি এড়াতে অল্প সময়ের জন্য পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, জাতীয় গ্রিড ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় পিডিবির একজন প্রতিনিধির উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়াকে কেন্দ্র করে সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ কারণে ২১ নভেম্বরের আগে কিংবা পরেও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার আয়োজন হতে পারে।
পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ব্যবহার করে পানি থেকে বাষ্প তৈরি করা হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদন করা হবে বিদ্যুৎ। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় পরিচালনার পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ৩০ শতাংশে নেওয়া হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
এরপরও বিভিন্ন ধাপে চলবে পরীক্ষা-নিরীক্ষা। উৎপাদনক্ষমতা বাড়িয়ে কেন্দ্রটিকে পূর্ণ সক্ষমতায় নিতে আনুমানিক ৭ থেকে ৮ মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহের ধাপ শেষ হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন। রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে জায়গা করে নেবে বাংলাদেশ।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। জ্বালানি গ্রহণের মধ্য দিয়ে পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকাতেও যুক্ত হয় বাংলাদেশের নাম।
রূপপুরের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন একটি উৎস যুক্ত হওয়ার পাশাপাশি পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের সক্ষমতার নতুন অধ্যায় সূচিত হবে।
১২০০ মেগাওয়াট করে উৎপাদনক্ষমতার দুটি ইউনিট নিয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিলে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
অন্যদিকে, দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও প্রস্তুতিমূলক কাজও এগিয়ে চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার সম্ভাবনা রয়েছে। দুটি ইউনিট চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি লোডশেডিং কমানো এবং জ্বালানি আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় পারমাণবিক বিদ্যুতের উৎপাদন ব্যয়ও কম হবে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরবর্তী সময়ে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রাশিয়ার সঙ্গে মূল চুক্তি অনুযায়ী, মেয়াদ বাড়লেও ইউরো বা ডলারে ঠিকাদারি ব্যয় বাড়েনি। তবে স্থানীয় বাজারে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে টাকার হিসাবে প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।