ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ অর্থনীতি ]

বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সুযোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪, ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সুযোগ
সংগৃহীত ছবি

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি)-এর অর্থায়নের জন্য বাংলাদেশকে যোগ্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছে সরকার।

এ সিদ্ধান্তের ফলে দেশে মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করা, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশকে যোগ্য ঘোষণা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের ফল। এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করা, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের সুযোগ বাড়বে। একই সঙ্গে বাংলাদেশে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন এই স্বীকৃতি।

বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং শ্রমমান শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করা হয়।

ডিএফসির অর্থায়নের সুযোগকে বাস্তব বিনিয়োগে রূপান্তর, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দুই দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনে সরকার আশাবাদী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!