১২ ঘণ্টা পর মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
টানা ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় নিজ কার্যালয় থেকে মুক্ত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিতে দিনভর ঘেরাও ও অবস্থান কর্মসূচির কারণে নিজ কার্যালয়ে আটকে ছিলেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পুলিশের সহায়তায় কার্যালয় থেকে বের হন উপাচার্য।
এদিকে আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মেলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের বাইরে থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার সকাল থেকে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেন। এদিন গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন তারা।
একপর্যায়ে প্রধান ফটক বন্ধ করে বেলা ৩টার দিকে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। এতে উপাচার্য নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশে চাকরিতে পুনর্বহাল হলেও দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বেতন-ভাতার ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এমনকি বর্তমান বেতন স্কেল অনুযায়ী সুযোগ-সুবিধাও পাচ্ছেন না তারা।
তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ ও বিভিন্ন খাতে ব্যয় করা হলেও পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এসব দাবিতে গত রোববারও উপাচার্যের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেন তারা।
প্রসঙ্গত, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। পরে চাকরি ফিরে পেতে আইনি লড়াই চালান তারা।
২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জীবিত চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। আদালতের নির্দেশনায় চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করা এবং তাদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার কথা বলা হয়। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নির্ধারণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়।
আদালতের রায় অনুযায়ী চাকরিতে পুনর্বহালের পর ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনে নামেন। তাদের কর্মসূচির কারণে ক্যাম্পাসে অচলাবস্থা তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে জরুরি সিন্ডিকেট সভায় তিন দিন অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।