এইচএসসির উত্তরপত্র যাচাইয়ে ঢাকা বোর্ডের নির্দেশনা
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কার্যক্রম পরিচালনায় পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১০ নভেম্বর) বোর্ডের এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কাজ চলবে। এ সময় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে কার্যক্রম পরিচালনা করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ৪ নম্বর ভবনের ৭ ও ৮ নম্বর তলায় অবস্থিত উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় এ কার্যক্রম সম্পন্ন হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বোর্ডে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের নির্ধারিত সময়ে উপস্থিতি এবং দায়িত্ব পালনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের অনুরোধ জানানো হয়েছে।
বোর্ড জানিয়েছে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের দায়িত্ব পাওয়া পরীক্ষকদের এ কাজ দাপ্তরিক দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। এ জন্য ঢাকা শিক্ষা বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের নির্ধারিত সম্মানী দেওয়া হবে।