ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

ডেইলি বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪০, ১১ নভেম্বর ২০২৬
ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী
স্কট বেসেন্ট। ছবি: সংগৃহীত

প্রাণনাশের হুমকির মুখে ওয়াশিংটনের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরানের পক্ষ থেকে আসা হুমকির কারণে তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে হুমকির সুনির্দিষ্ট ধরন ও ভয়াবহতা এখনো প্রকাশ করা হয়নি। এদিকে ইরানের হুমকিতে দমে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এ খবর প্রকাশ করে। পরে বার্তা সংস্থা রয়টার্সও এ তথ্য জানায়। খবর অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে নিজের বাসা ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন বেসেন্ট। তবে নিরাপত্তার স্বার্থে কোন সামরিক ঘাঁটিতে তিনি উঠেছেন, তা প্রকাশ করা হয়নি। 

প্রতিবেদনে বলা হয়, বেসেন্টের ওপর আসা হুমকির প্রকৃতি ও তীব্রতা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা গত মাসের শেষ দিকে একটি স্মারকলিপিতে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইরানের হামলার পরিকল্পনা উন্নত পর্যায়ে পৌঁছেছে।

তবে মার্কিন কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্র কিংবা বিদেশের অন্যান্য অঞ্চলে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত। অন্যদিকে, ইরান এর আগে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কর্মকর্তা বা নাগরিকদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে। 

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান

গত আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের নেতৃত্ব দিয়ে আসছেন স্কট বেসেন্ট। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের এ অভিযানের লক্ষ্য হলো ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত করে দেশটিকে জাহাজ চলাচলে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে বাধ্য করা।

এ অভিযানের অংশ হিসেবে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পাশাপাশি দেশটির সঙ্গে আর্থিক লেনদেনে সহায়তাকারী বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের বড় অংশ পরিবাহিত হয়। ফলে সেখানে অস্থিরতা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহনে প্রভাব ফেলছে। 

হুমকিতে দমবেন না বেসেন্ট

ইরানের হুমকিতে দমে যাবেন না বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র ই-মেইলে পাঠানো বিবৃতিতে বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে মন্ত্রী দমে যাবেন না। অপারেশন ইকোনমিক আউটকাস্ট বাস্তবায়ন এবং নৌ অবরোধ বজায় রাখার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এই দুই পদক্ষেপে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার পেছনে তাঁর ওয়াশিংটনের বাসভবন শনাক্ত করা সম্ভব এমন একটি আকাশ থেকে তোলা ছবি সংবাদপত্রে প্রকাশের বিষয়টিও রয়েছে। তবে ওই ছবি প্রকাশের সঙ্গে সরাসরি হুমকির কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত করা হয়নি। 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের অভিযান যখন আরও জোরদার হচ্ছে, তখন দেশটির অর্থমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এই উদ্বেগ ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনার নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!