ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের হাতেই আরও শক্তিশালী রিপাবলিকান পার্টি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২৩, ১১ নভেম্বর ২০২৬
ট্রাম্পের হাতেই আরও শক্তিশালী রিপাবলিকান পার্টি
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর অনেকেই ধারণা করেছিলেন, রিপাবলিকান পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব হয়তো কমতে শুরু করবে।

নির্বাচনের ফল প্রকাশের পর দলটির নেতাদের মধ্যে কিছুটা নীরবতা এবং ট্রাম্পের বক্তব্যেও তুলনামূলক নমনীয়তা দেখা গিয়েছিল। তবে সেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে। একের পর এক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও দলীয় সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প স্পষ্ট করছেন, নির্বাচনী পরাজয়ের পরও তিনি নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসতে চান না।

বরং আগামী দুই বছর আরও কঠোর রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্পশিবির। রিপাবলিকানদের কৌশলেও আপাতত পরিবর্তনের কোনো লক্ষণ নেই। তাদের লক্ষ্য, ট্রাম্পের রাজনৈতিক আদর্শ ‘মাগা’ বা ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর অবস্থান আরও জোরালো করা।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে কট্টরপন্থী স্টিফেন মিলারকে পদোন্নতি দেওয়ার পর ট্রাম্পের পরিকল্পনার একটি আভাস পাওয়া যায়। মঙ্গলবার হাউস রিপাবলিকান পার্টি কনফারেন্স আগামী বছর দলটির সংখ্যালঘু নেতৃত্বে ওহাইওর প্রতিনিধি জিম জর্ডানকে বেছে নেয়। এতে স্পষ্ট হয়, মিলারের পদোন্নতি বিচ্ছিন্ন কোনো সিদ্ধান্ত নয়; বরং সামনের দিনের রাজনৈতিক লড়াইয়ের অংশ।

মিলার ও জর্ডান দুজনই ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। এদিকে নির্বাচনে বড় ধরনের ধাক্কা খাওয়ার পরও রিপাবলিকানরা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হেগসেথকে ঘিরে দলটির এই অবস্থান তাদের রাজনৈতিক অনমনীয়তারই ইঙ্গিত দিচ্ছে।

নির্বাচনে কট্টর রিপাবলিকান এলাকাসহ বিভিন্ন স্থানে পরাজয়ের পরও দলটির নেতাদের আচরণে আত্মসমালোচনার ছাপ নেই। বরং বিদায়ি হাউস স্পিকার মাইক জনসনের বক্তব্যে সেই মনোভাব ফুটে উঠেছে। তিনি মন্তব্য করেছিলেন, ভোটাররা ভুল সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্পের রাজনৈতিক বলয়ে জর্ডান ও মিলারকে অন্যতম আক্রমণাত্মক দুই ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। কংগ্রেসের বিভিন্ন শুনানিতে জর্ডানকে প্রায়ই সাক্ষীদের কঠোর জেরার পাশাপাশি উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে দেখা গেছে। আগামী বছর ডেমোক্র্যাটরা তদন্ত শুরু করলে ট্রাম্প প্রশাসনের পক্ষে কংগ্রেসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি।

অন্যদিকে মিলার ট্রাম্পের সমর্থকগোষ্ঠীর মধ্যে কট্টর জাতীয়তাবাদী অবস্থানের অন্যতম পরিচিত মুখ। প্রেসিডেন্টের ক্ষমতায় থাকার বাকি সময়টুকুতে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মিলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এই দুই নিয়োগের মধ্য দিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টির অবস্থান আরও স্পষ্ট হয়েছে। মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ট্রাম্পের নীতি, কর্মকাণ্ড ও ব্যক্তিত্বের বিভিন্ন দিকের বিরোধিতা করলেও দলটি নিজেদের অবস্থান পরিবর্তনে আগ্রহী নয়। বরং তারা রাজনৈতিক সংঘাতের পথেই এগোতে চায়।

নির্বাচনী বিপর্যয়ের পর অনেকের প্রত্যাশা ছিল, রিপাবলিকানরা নিজেদের ভুল বিশ্লেষণ করে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর চেষ্টা করবে। কারণ ২০২৮ সালে কংগ্রেস ও হোয়াইট হাউসে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে হলে মধ্যপন্থী ভোটারসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমর্থন প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তগুলোতে ট্রাম্পের মূল সমর্থকগোষ্ঠীর ওপর নির্ভরতা বাড়ানোর প্রবণতাই দেখা যাচ্ছে।

দলের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণের বিষয়টি মঙ্গলবার আরও স্পষ্ট হয়। সেদিন হাউস রিপাবলিকানরা ঐক্যবদ্ধভাবে বিদ্রোহী রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দেন।

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব ঠেকানো অনেক ভোটারের কাছে অস্বস্তিকর মনে হতে পারে। ইরান যুদ্ধের পরিকল্পনা ও সমর্থনে তার ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক রয়েছে। এমনকি অনেক রিপাবলিকান ভোটারও ওই যুদ্ধের বিরোধিতা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে নির্বাচনে বড় ধাক্কার এক সপ্তাহের মধ্যে হেগসেথের পদ রক্ষা রিপাবলিকানদের মনোবল কিছুটা বাড়িয়েছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। যদিও ডেমোক্র্যাটদের বড় জয় এবং কংগ্রেসে তাদের শক্তিশালী অবস্থানের কারণে ঘটনাটিকে রিপাবলিকানদের সাময়িক রাজনৈতিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।

নতুন বছরে হাউসের স্পিকার হতে যাওয়া ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস এ প্রসঙ্গে বলেছেন, ‘এটিই শেষ নয়, এটি মাত্র শুরু।’

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় ব্যবধানে জয় রিপাবলিকানদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সিনেটের দুটি আসনের ফল তখনো বাকি থাকলেও দলটি ৫৪টি আসনে এগিয়ে ছিল। অন্যদিকে হাউসে তাদের আসনসংখ্যা দাঁড়িয়েছে ২৫৬। ফলে ২০২৮ সালে ক্ষমতায় ফিরতে রিপাবলিকানদের সামনে কঠিন রাজনৈতিক হিসাব-নিকাশ অপেক্ষা করছে।

তবু ট্রাম্পের নেতৃত্বাধীন দলটি নির্বাচনী ফল থেকে শিক্ষা নিয়ে কৌশল বদলানোর বদলে আগের অবস্থান আরও জোরালো করতে চাইছে। ট্রাম্পের রাজনৈতিক জীবনে পরাজয়ের পর আরও কঠোর অবস্থান নেওয়ার প্রবণতা দেখা গেছে। এবারও তার ব্যতিক্রম হওয়ার ইঙ্গিত মিলছে না।

রিপাবলিকান পার্টির এই অবস্থানের পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক পরিবর্তনের ইতিহাস রয়েছে। ২০১২ সালের নির্বাচনে মিট রমনির পরাজয়ের পর দলটি একটি পর্যালোচনা করেছিল। সেখানে বলা হয়েছিল, হোয়াইট হাউসে ফিরতে হলে অশ্বেতাঙ্গ, তরুণ ও নারী ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে।

কিন্তু পরবর্তী সময়ে ট্রাম্পের উত্থানের সঙ্গে সঙ্গে দলটির রাজনৈতিক অবস্থান বদলে যায়। জনতুষ্টিবাদ, জাতীয়তাবাদ ও অভিবাসনবিরোধী নীতিকে সামনে রেখে তিনি পুরোনো রিপাবলিকান কাঠামোকে নিজের রাজনৈতিক আদলে গড়ে তোলেন।

২০২৬ সালের নির্বাচনী বিপর্যয়ের পর জর্ডান ও মিলারের মতো কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা সেই ধারাবাহিকতারই প্রতিফলন। নির্বাচনে দোদুল্যমান আসনগুলোতে মধ্যপন্থী রিপাবলিকানদের অনেকেই পরাজিত হয়েছেন। যারা জয়ী হয়েছেন, তাদের বড় অংশই কট্টর রিপাবলিকান এলাকাগুলোর প্রতিনিধি। ফলে ছোট হয়ে আসা দলটির ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

অভিবাসন নীতি নিয়েও নির্বাচনের পর রিপাবলিকানদের মধ্যে মতপার্থক্য প্রকাশ পেয়েছে। সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নতুন ডেমোক্র্যাটিক কংগ্রেসের সঙ্গে অভিবাসন সংস্কার নিয়ে সমঝোতার সম্ভাবনার কথা বলেন। এরপর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন ইঙ্গিত দেন, সম্ভাব্য চুক্তিতে শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে আসা নথিপত্রহীন অভিবাসীদের স্থায়ী বৈধতা দেওয়ার বিষয়টি থাকতে পারে।

এ বক্তব্যের পর মাগা সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের আশঙ্কা, ট্রাম্প অভিবাসনবিরোধী কঠোর অবস্থান থেকে সরে এসে নিজের অনুগত সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছিলেন, অভিবাসনবিরোধী অভিযান কিছু ক্ষেত্রে অতিরিক্ত কঠোর হয়ে থাকতে পারে। তবে তার কট্টর সমর্থকদের একটি অংশ এ বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয়।

ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহাম সোমবার তার অনুষ্ঠানে ‘ভুল শিক্ষা’ শিরোনামের পর্বে সাধারণ ক্ষমা ঘোষণার সম্ভাবনার বিরুদ্ধে সতর্ক করেন। পরদিন সন্ধ্যায় একই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মার্কওয়েন মুলিন জোর দিয়ে বলেন, অভিবাসন ও বহিষ্কারসংক্রান্ত নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকা রিপাবলিকান পার্টির কাছ থেকে নির্বাচনের পর দ্রুত নীতিগত পরিবর্তন আশা করা কঠিন। তবে ট্রাম্প-পরবর্তী সময়ে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নির্বাচনে পরাজয়ের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের যুদ্ধবিরোধী অবস্থান এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের আগামী এক দশক ধরে এর রাজনৈতিক প্রভাব থাকার সতর্কবার্তায় সেই বিতর্কের প্রাথমিক ইঙ্গিত মিলেছে।

তবে আপাতত ট্রাম্প, মিলার, জর্ডান ও হেগসেথকে ঘিরেই রিপাবলিকানদের রাজনৈতিক পরিকল্পনা এগোচ্ছে। ফলে ২০২৭ সালে ওয়াশিংটনের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!