পর্তুগালে ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড়, ৮ জেলায় লাল সতর্কতা
পর্তুগালে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ব্রুনা’ ও ‘চার্লস’। এ দুই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটিতে ভারী বৃষ্টিপাত, প্রবল বাতাস ও উত্তাল সমুদ্রের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির মূল ভূখণ্ডজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে সরকার। এর মধ্যে রাজধানী লিসবনসহ আটটি জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ বা লাল সতর্কতা।
পর্তুগালের সরকারি গেজেট ‘দিয়ারিও দা রিপাবলিকা’য় প্রকাশিত দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি ডিক্রির বরাতে এ তথ্য জানা গেছে। ডিক্রি অনুযায়ী, ১১ নভেম্বর বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই বিশেষ সতর্কতা কার্যকর থাকবে।
পর্তুগিজ ইনস্টিটিউট ফর সি অ্যান্ড দ্য অ্যাটমোস্ফিয়ার (আইপিএমএ)-এর পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় দুটির প্রভাবে দেশজুড়ে অতিভারি বৃষ্টিপাত, উত্তাল সমুদ্র এবং ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এতে আকস্মিক বন্যা, শহরাঞ্চলে জলাবদ্ধতা, গাছপালা উপড়ে পড়া এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার ঝুঁকিও রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে পর্তুগাল সরকার। লাল সতর্কতার আওতায় থাকা জেলাগুলোতে সব ধরনের শিক্ষামূলক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান।
এ ছাড়া এসব জেলায় কেন্দ্রীয় সরকারের অধীন অনাবশ্যক সরকারি কার্যালয় বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে বাসা থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। ঝড়ে গাছপালা উপড়ে পড়া ও দুর্ঘটনার আশঙ্কায় বনাঞ্চল, উদ্যান এবং বিভিন্ন গণপরিসরে মানুষের প্রবেশ ও চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি ও নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ (এএনইপিসি), জাতীয় রিপাবলিকান গার্ড (জিএনআর), জননিরাপত্তা পুলিশ (পিএসপি) এবং ফায়ার সার্ভিসের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
রেড অ্যালার্টের আওতায় থাকা আটটি জেলা হলো—লিসবন, লেইরিয়া, সেতুবাল, সান্তারেম, পোর্তালেগ্রে, এভোরা, বেজা ও ফারো।
নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পর্তুগিজ প্রশাসন। বিশেষ করে ঝড়ের তীব্রতা চলাকালে ঘরের ভেতরে নিরাপদ আশ্রয়ে থাকার পাশাপাশি উপকূলীয় এলাকা এবং আকস্মিক বন্যাপ্রবণ নদী ও জলাশয় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব জরুরি সেবা সংস্থা প্রস্তুত রয়েছে।