ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বরেন্দ্র অঞ্চলে ৭০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৫, ১১ নভেম্বর ২০২৬
বরেন্দ্র অঞ্চলে ৭০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ সরকারের
সংগৃহীত ছবি

বরেন্দ্র অঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট দূর করতে ৭০০ কিলোমিটার খাল ও ৬০০টি পুকুর পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে প্রায় ১৪৩ কিলোমিটার খাল এবং ২৫০টি পুকুর পুনঃখননের কাজ শেষ হয়েছে। এসব উদ্যোগের ফলে কৃষিকাজে সেচের সুবিধা বাড়ার পাশাপাশি কমছে কৃষকদের খরচ। একই সঙ্গে বাড়ছে ফসলের উৎপাদন।

অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) তত্ত্বাবধানে ১৮টি সহযোগী সংস্থার মাধ্যমে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করা হচ্ছে। গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে ‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) নামের এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি মার্কিন ডলার।

রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের খরাপ্রবণ এলাকাগুলোতে প্রকল্পের কার্যক্রম চলছে। এর মূল উদ্দেশ্য পানির সংকট মোকাবিলা, কৃষিজমিতে সেচের সুযোগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা তৈরি করা। ২০২৮ সাল পর্যন্ত প্রকল্পটির কার্যক্রম চলবে।

প্রকল্পের আওতায় ২ হাজার ৫০০টি বাড়ির ছাদ এবং ৪০টি পুকুরে ‘ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ’ (এমএআর) বা নিয়ন্ত্রিত ভূগর্ভস্থ জলস্তর পুনর্ভরণ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ১ হাজার ৬০০টি বাড়িতে এ ব্যবস্থা চালু করা হয়েছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে প্রায় ২ লাখ ১৫ হাজার মানুষ বছরজুড়ে ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানির টেকসই সুবিধা পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের সমন্বয়ক ফজলে হোসাইন জানান, প্রকল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার কমানো, গৃহস্থালিতে ব্যবহৃত অপেক্ষাকৃত কম দূষিত পানি (গ্রে-ওয়াটার) পুনরায় কাজে লাগানো, বৃষ্টির পানি দিয়ে ভূগর্ভস্থ জলস্তর বাড়ানো এবং খাল-বিলের পানি কৃষিকাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, খালগুলো গড়ে ১৫ ফুট পর্যন্ত গভীর করে খনন করা হচ্ছে। এতে অন্তত আগামী ১৫ বছর কৃষকরা এসব খালের সুবিধা পাবেন। প্রকল্পের কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বরেন্দ্র অঞ্চলে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। একসময় শুকিয়ে যাওয়া খালগুলোতে আবার পানি জমছে। ফলে সেচের খরচ কমার পাশাপাশি কৃষকরাও আধুনিক পানি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পাচ্ছেন।

দীর্ঘদিন ধরে পলি, আগাছা ও গাছপালায় ভরাট হয়ে অনেক গ্রামীণ খাল ও পুকুরের অস্তিত্ব প্রায় হারিয়ে গিয়েছিল। পুনঃখননের ফলে সেগুলোর কয়েকটি আবার পানিতে ভরে উঠছে। এতে কৃষিকাজের পাশাপাশি গৃহস্থালির প্রয়োজনেও পানির নতুন উৎস তৈরি হচ্ছে।

পিকেএসএফের কর্মকর্তারা জানান, বরেন্দ্র অঞ্চলের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনের বড় ছাদ বৃষ্টির পানি সংগ্রহের জন্য কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব ছাদ থেকে সংগৃহীত পানি বিশেষ ব্যবস্থার মাধ্যমে ভূগর্ভে পাঠানো হচ্ছে। এর উদাহরণ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সরকারি এ.বি. উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৩ হাজার ৮৬০ বর্গমিটার ছাদ ব্যবহার করে বৃষ্টির পানি সংগ্রহ ও ভূগর্ভস্থ স্তরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা সামিউল হক টুটুল বলেন, চাঁপাইনবাবগঞ্জের অনেক কৃষক সেচের ক্রমবর্ধমান খরচ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। বিশেষ করে ধান চাষে সেচ দিতে গিয়ে প্রতি মৌসুমেই বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হতো তাদের। তবে পুনঃখননের ফলে খালগুলোতে পানি জমতে শুরু করায় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। কৃষকরা এখন এসব পানি ব্যবহার করে জমিতে সেচ দিতে পারছেন। এতে উৎপাদন খরচও কমছে।

বরেন্দ্র অঞ্চলে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘ শুষ্ক মৌসুম এবং ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘদিনের সমস্যা। এ পরিস্থিতিতে কৃষকদের পানির সঠিক ব্যবহার শেখানো হচ্ছে। জমিতে সবসময় পানি জমিয়ে না রেখে প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ছোট ছিদ্রযুক্ত পিভিসি পাইপের সাহায্যে মাটির নিচে পানির স্তর পর্যবেক্ষণের পদ্ধতিও শেখানো হচ্ছে।

প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, এসব পদ্ধতি অনুসরণ করে কৃষকরা পানির ব্যবহার ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমাতে পেরেছেন। এতে ফলন কমার পরিবর্তে বেড়েছে। পিকেএসএফের বরাত দিয়ে কৃষক সাইদ হোসেন জানান, গত বছর একই জমিতে ১৮০ মণ ধান উৎপাদন করেছিলেন। চলতি বছর সেখানে প্রায় ২০০ মণ ধান পেয়েছেন। একই সঙ্গে সেচের খরচও প্রায় ৩০ শতাংশ কমেছে।

পিকেএসএফের এক কর্মকর্তা জানান, চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের পুনঃখনন করা জোলাহার খাল এবং নওগাঁর কয়েকটি পুকুরে এখন পানি জমছে। একসময় এসব জলাশয় পলিতে ভরাট থাকলেও বর্তমানে সেখানকার পানি আশপাশের কৃষিজমিতে সেচের কাজে ব্যবহার করা হচ্ছে।

এদিকে ভূগর্ভস্থ পানির মজুত বাড়াতে ‘ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ’ বা এমএআর পদ্ধতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ পদ্ধতিতে বৃষ্টির পানি কিংবা অতিরিক্ত ভূপৃষ্ঠস্থ পানি সংগ্রহ ও পরিশোধন করে মাটির নিচে পাঠানো হয়। ফলে পানি সহজলভ্য থাকার সময় তা ভূগর্ভে সংরক্ষণ করা যায় এবং শুষ্ক মৌসুমে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা সম্ভব হয়।

পানিসংকট মোকাবিলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও উদ্যোগ নিয়েছে পিকেএসএফ। প্রকল্পের আওতায় রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে ফলদ, ঔষধি ও কাঠজাতীয় প্রায় ১০ লাখ গাছের চারা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নিম, জলপাই, অর্জুন, বেল, আমড়া, সফেদা ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। ইতোমধ্যে প্রায় ২ লাখ চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচটি করে চারা দেওয়া হবে এবং সেগুলোর পরিচর্যার দায়িত্বও থাকবে তাদের ওপর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!