অভিশংসন থেকে আপাতত রক্ষা পেলেন হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের ভিত্তিতে অভিশংসন প্রক্রিয়া শুরুর প্রস্তাব মঙ্গলবার (১০ নভেম্বর) প্রতিনিধি পরিষদে নাকচ হয়ে যায়। ফলে আপাতত নিজ পদে বহাল থাকছেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২১১-২০৪ ভোটে প্রস্তাবটি হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এর ফলে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ কার্যত থেমে গেছে।
কেনটাকির রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবটি উত্থাপন করেন। তার অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আইন লঙ্ঘন করেছেন হেগসেথ।
এ ছাড়া প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সন্দেহে বিভিন্ন নৌযানে মার্কিন বাহিনীর হামলায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।
মঙ্গলবার ক্যাপিটল হিলে এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। প্রস্তাবটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর পক্ষে অধিকাংশ আইনপ্রণেতা ভোট দেন। প্রস্তাবটির বিরোধিতা করা একমাত্র রিপাবলিকান ছিলেন এর উদ্যোক্তা থমাস ম্যাসি। ভোটের সময় ১১ জন ডেমোক্র্যাটসহ এক ডজনের বেশি আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন।
এই সিদ্ধান্তের ফলে আপাতত হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ স্থগিত হয়ে গেল। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার আগে বর্তমান কংগ্রেসের হাতে সময়ও সীমিত। তবে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে তারা চাইলে বিষয়টি আবারও উত্থাপন করতে পারেন।
ভোটের ফলাফলকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অভিশংসনের উদ্যোগকে শোচনীয় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে হেগসেথকে দেশপ্রেমিক আখ্যা দিয়ে তার নেতৃত্বের প্রশংসা করেন।
অন্যদিকে, ভোটের ফলাফলে হতাশা প্রকাশ করেছেন প্রস্তাবটির উদ্যোক্তা থমাস ম্যাসি। তিনি বলেন, আইনপ্রণেতারা কী করা উচিত তা জানেন, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস দেখাতে পারছেন না। রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকলেও তারা দায়িত্ব নিতে চাইছেন না।
এর আগে ম্যাসি জানিয়েছিলেন, তার প্রস্তাব তাৎক্ষণিকভাবে সফল না হলেও এর মাধ্যমে হেগসেথকে সরিয়ে দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরি হবে। তার মতে, এখনই প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া হলে নতুন কাউকে নিয়োগ দেওয়ার জন্য সিনেট পর্যাপ্ত সময় পাবে।
এদিকে, মঙ্গলবার পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিশংসনের উদ্যোগকে রাজনৈতিক চমক হিসেবে আখ্যা দেন পিট হেগসেথ। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দেশপ্রেমের পরিচয় নয়, বরং নাশকতার চেষ্টা।
তবে অভিশংসনের প্রস্তাব নাকচ হলেও হেগসেথের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এমনকি রিপাবলিকান শিবিরের মধ্যেও তাকে নিয়ে অসন্তোষের ইঙ্গিত পাওয়া গেছে। টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ মঙ্গলবার আশা প্রকাশ করেন, হেগসেথ নিজেই পদত্যাগ করবেন অথবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করবেন।