পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন, মিরপুরে পুড়ল তিনটি
রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই দিন শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে চিড়িয়াখানা সিটি পরিবহনের আরও একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পৃথক দুটি ঘটনায় তিনটি বাস ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর কালশী রোডের ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে। এতে বিকল্প পরিবহনের বাসটির সব আসন, জানালার কাচ ও বডি পুড়ে যায়। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের কাভার ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলকলি মোড়ে রাস্তার পাশে পার্কিং করে রাখা বিকল্প পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) এবং অভিজাত পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪) অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় বিকল্প পরিবহনের বাসটির আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর অভিজাত পরিবহনের বাসটির ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে রাত ১টা ১৯ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশের একাধিক দল রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। চিড়িয়াখানা সিটি পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন।
এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের কাচ ও বডির কিছু অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত বা গ্রেপ্তার হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলছে।