ফার্মগেটে বাসে আগুন, মেট্রোরেল স্টেশন সাময়িক বন্ধ
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের আগুন থেকে সৃষ্ট ধোঁয়া দ্রুত ওপরে উঠে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে স্টেশনের স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। মুহূর্তের মধ্যে স্টেশন এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে অপেক্ষমাণ যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে ছোটাছুটি শুরু করেন।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।
একটি ভিডিওতে দেখা যায়, লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। এটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে ফার্মগেট স্টেশনের ঠিক নিচে সড়কে থাকা একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। স্টেশনের ভেন্টিলেশন ব্যবস্থা ও প্রবেশপথ দিয়ে সেই ধোঁয়া ভেতরের প্ল্যাটফর্ম ও কনকোর্স লেভেলে প্রবেশ করে। অ্যালার্ম বাজতে শুরু করলে যাত্রীরা হুড়োহুড়ি করে নিচে নামার চেষ্টা করেন।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনের ভেতরে জমে থাকা ধোঁয়া নিষ্কাশন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরীক্ষা-নিরীক্ষার পর স্টেশনটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাময়িক এ পরিস্থিতির কারণে ফার্মগেট এলাকায় তীব্র যানজটের পাশাপাশি মেট্রোরেল চলাচলেও কিছুটা ব্যাঘাত ঘটে।